নন-কোভিড রোগীর চিকিত্সা না দিলে বাতিল হবে হাসপাতালের লাইসেন্স

আপডেট : ১২ মে ২০২০, ২৩:০২

দেশের সব হাসপাতালে কোভিড-১৯ চিকিত্সার পাশাপাশি নন-কোভিড রোগীদেরও চিকিত্সা দেওয়ার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত বিধান অনুসারে লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। কোভিড-১৯-এর পরিপ্রেক্ষিতে গঠিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মিডিয়া সেল থেকে গতকাল সোমবার এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে বলে গতকাল মঙ্গলবার  জানিয়েছে মন্ত্রণালয়।

নির্দেশনাগুলো হলো—সব বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে সন্দেহভাজন কোভিড-১৯ রোগীদের চিকিত্সার জন্য পৃথক ব্যবস্থা থাকতে হবে। চিকিত্সা সুবিধা থাকা সত্ত্বেও জরুরি চিকিত্সার জন্য আগত কোনো              রোগীকে ফেরত দেওয়া যাবে না। রেফার করতে হলে স্বাস্থ্য অধিদপ্তরের ‘কোভিড-১৯ হাসপাতাল নিয়ন্ত্রণ কক্ষের’ সঙ্গে যোগাযোগ করে রোগীর চিকিত্সার বিষয়টি সুনিশ্চিত করে রেফার করতে হবে। দীর্ঘদিন ধরে যেসব রোগী কিডনি ডায়ালাইসিসসহ বিভিন্ন চিকিত্সা গ্রহণ করছেন, তারা কোভিড-১৯ আক্রান্ত না হয়ে থাকলে এক্ষেত্রে তাদের সংশ্লিষ্ট চিকিত্সা অব্যাহত রাখতে হবে। মিডিয়া সেলের নির্দেশনায় আরো বলা হয়, দেশের কোনো সরকারি বা বেসরকারি হাসপাতালে এসব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত বিধান অনুসারে লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্প্রতি করোনা ভাইরাস সংক্রমণের পর দেশের হাসপাতালগুলোতে সাধারণ রোগীরা চিকিত্সা পাচ্ছেন না। এভাবে কয়েক জনের মৃত্যুর ঘটনাও ঘটেছে। এরইমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ নির্দেশনা।