ইন্টারনেটে ঝুঁকিতে দেশের ১ কোটি ২০ লাখ শিশু

আপডেট : ১২ মে ২০২০, ২৩:০২

দেশে ১ কোটি ২০ লাখ শিশু-কিশোর ইন্টারনেট ঝুঁকিতে রয়েছে বলে তথ্য প্রকাশ করেছে ‘বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন’। এক বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে এ ব্যাপারে অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ দিয়েছে অ্যাসোসিয়েশন। একই সঙ্গে সরকারকে দ্রুত ইন্টারনেটের নিরাপত্তার বিষয়টি জোরালোভাবে দেখার জন্য আহ্বান জানানো হয়।

বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ স্বাক্ষরিত সতর্ক বার্তায় বলা হয়, সারাবিশ্বের মতো বাংলাদেশের স্কুল-কলেজ গত ১৮ মার্চ থেকে আগামী ৩১ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। লকডাউনে ঘরবন্দি দেশের প্রায় ২ কোটি ৫০ লাখ                শিশু-কিশোর (প্লে থেকে দশম শ্রেণি)। স্কুল-কলেজের অনলাইনভিত্তিক ক্লাস করার ফলে চার থেকে ১৪ বছরের শিশু-কিশোররা একপ্রকার বাধ্য হয়েই ইন্টারনেট ব্যবহার করছে। সেই সঙ্গে ঘরে আটকে রাখলেও আমরা যে ইন্টারনেট কোমলমতি শিশু-কিশোরদের হাতে তুলে দিচ্ছি তা কি আদৌ নিরাপদ?

বিবৃতিতে বলা হয়, এখনো ইন্টারনেট শিশু-কিশোরদের জন্য ব্যবহার উপযোগী হয়নি। এই কারণে গত ৬ মে জাতিসংঘের ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) খুব কম বয়সের শিশুদের ইন্টারনেট ব্যবহার নিয়ে সতর্ক করেছে।

দেশের পরিস্থিতি তুলে ধরে বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে ইন্টারনেট ও ডিভাইস স্বল্পতার কারণে যদি ৫০ শতাংশ ইন্টারনেটের বাইরেও থাকে তারপরেও প্রায় ১ কোটি ২০ লাখ শিশুর ইন্টারনেটের অশুভ প্রভাব তাদের ওপর পড়বে। সেই সঙ্গে অতিমাত্রায় ব্যবহারের ইন্টারনেট আসক্তির বিষয়টিও উড়িয়ে দেওয়া যায় না।

শিশুদের ইন্টারনেট ব্যবহারে নিরাপত্তার ব্যবস্থা করার দাবি জানিয়ে বলা হয়, শিশুদের ইন্টারনেট ব্যবহারে নিরাপত্তার বিষয়টি টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে এখন পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করেছে বলে আমাদের জানা নেই। এ নিয়ে কোনো নীতিমালাও তৈরি হয়নি।