জেলার মোহনগঞ্জ পৌর এলাকার দৌলতপুরে মারুফা (১৪) নামে এক গৃহকর্মীকে ধর্ষণ এবং পরে হত্যার অভিযোগে বারহাট্টা উপজেলার সিংধা ইউপির চেয়ারম্যান এবং নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শাহ মাহবুব মোর্শেদকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাতে তাকে তার মোহনগঞ্জের বাসা থেকে আটক করা হয়। মাহবুব মোর্শেদকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে। মারুফার মা আকলিমা আক্তার থানায় ঐ চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
জানা গেছে, মোহনগঞ্জ উপজেলা সদরের দৌলতপুরে ইউপি চেয়ারম্যান মাহবুবের বাসায় গত দুই বছর যাবত্ গৃহকর্মী হিসেবে কাজ করত মারুফা। গত ৯ মে চেয়ারম্যান নিজেই মারুফাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। মেয়েটি আত্মহত্যা করেছে বলে জানানো হলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ জানায়, গত সোমবার মারুফার মা আকলিমা আক্তার থানায় ধর্ষণ ও হত্যার অভিযোগ করলে ঐদিন রাতেই চেয়ারম্যানকে আটক করে মোহনগঞ্জ থানার পুলিশ। ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান আটকের সত্যতা স্বীকার করে বলেন, গৃহকর্মী মারুফা আক্তার গত দুই বছর আগে চেয়ারম্যানের বাসায় কাজে আসে। মেয়েটির মা চেয়ারম্যানের ছেলের ঢাকার বাসায় কাজ করতেন।
