চৌদ্দগ্রামে হাতুড়ে ডাক্তারের ভুল চিকিত্সায় কিশোরীর মৃত্যুর অভিযোগ

আপডেট : ১২ মে ২০২০, ২৩:০৪

কুমিল্লার চৌদ্দগ্রামে হাতুড়ে ডাক্তারের ভুল চিকিত্সায় সালমা আক্তার মজুমদার (১৫) নামে এক কিশোরীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। সালমা উপজেলার ভিতরচর গ্রামের শহীদুল ইসলাম মজুমদারের মেয়ে। এ ঘটনায় ডাক্তার শফিউল আলমের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল দুপুরে বাড়ির পাশে ঝুলানো দোলনায় চড়তে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে সালমার। এর পরই হাঁটুর ব্যথার কারণে হাঁটতে সমস্যা দেখা দিলে সন্ধ্যায় স্থানীয় রাজাপুর বাজারের ডাক্তার শফিউল আলমের চেম্বারে নেওয়া হয় সালমাকে। সেখানে কোনো রকম এক্স-রে না করেই ডাক্তার শফিউল আলম তাকে ওষুধ দেন। যা সেবনের পর থেকেই তার পায়ের ব্যথা বাড়াসহ শরীরে ঠোসা উঠতে শুরু করে। এভাবে চার দিন অতিবাহিত হওয়ার পর অবস্থা বেগতিক দেখে ৩০ এপ্রিল রাতে সালমাকে কাশিনগর বাজারস্থ ফাস্ট এইড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিত্সকরা তাত্ক্ষণিক এক্স-রে করে জানান, সালমার হাঁটুর হাড় ফেটে গেছে। হাসপাতালের চিকিত্সকরা সালমার সার্বিক অবস্থা বিবেচনা করে ওষুধপত্র দিলেও তা সেবন করার আগেই পরদিন ভোরে সালমার মৃত্যু ঘটে বলে জানান তার বাবা শহীদুল হক মজুমদার।

এদিকে সালমার মৃত্যুর পর থেকেই ডাক্তার শফিউল আলম আত্মগোপনে রয়েছেন। এ বিষয়ে তার সঙ্গে কথা বলতে চেম্বারে গিয়ে তাকে পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, পূর্বেও ডা. শফিউল আলমের ভুল চিকিত্সায় শিশুমৃত্যুর ঘটনা ঘটে।