চট্টগ্রামে ডলফিন হত্যা বন্ধে পদক্ষেপ গ্রহণের নির্দেশ

আপডেট : ১২ মে ২০২০, ২৩:০৯

চট্টগ্রামের হালদা নদীতে ডলফিন হত্যা বন্ধে পদক্ষেপ নিতে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা ৭২ ঘণ্টার মধ্যে ই-মেইল যোগে আদালতকে জানাতে বলা হয়েছে। গতকাল মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্টের একক ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। আদেশের আগে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে রিটকারী আইনজীবী আব্দুল কাইয়ুম লিটন, রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার শুনানিতে অংশ নেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার এ তথ্য জানিয়েছেন। আইনজীবী আব্দুল কাইয়ুম লিটন জানান, ‘ভার্চুয়াল কোর্টে উচ্চ আদালতে করা রিটের ওপর এটাই প্রথম আদেশ।

চট্টগ্রামের হালদা নদীতে ডলফিন হত্যা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী লিটন। এতে বলা হয়, বন্যপ্রাণী আইন ২০১২ অনুযায়ী  নির্বিচারে কোনো বণ্যপ্রাণী হত্যা করা যাবে না। এটা অপরাধ। কিছু অসাধু লোক নিষ্ঠুরভাবে এসব নিরীহ প্রাণীকে হত্যা করেছে। যা পরিবেশের মারাত্মক ক্ষতি করছে।