নির্মম বর্বরোচিত!

আপডেট : ১২ মে ২০২০, ২৩:১০

বরিশালের হিজলায় এক শিশুকে নির্মমভাবে হত্যার পর বিবস্ত্র অবস্থায় সুপারি গাছের বাকল দিয়ে গলায় বেঁধে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। সোমবার রাতে ঐ উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মাউনতলা গ্রামের একটি বাগান থেকে আরাফাত বালী নামে সাড়ে ৬ বছর বয়সের ঐ শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আরাফাত ঐ গ্রামের আব্দুর রব বালীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আরাফাতের বাড়ি সংলগ্ন একটি বাগানে পাতা কুড়াতে যান স্থানীয় এক নারী। এ সময় একটি কাঁঠাল গাছের সঙ্গে সুপারির বাকল দিয়ে গলায় ফাঁস লাগানো (বাঁধা) আরাফাতের মরদেহ ঝুলতে দেখে তিনি ডাক-চিত্কার দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। শিশুটির সারা শরীরে এবং মুখমণ্ডলে কাদা মাখা ছিল।

মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ কর্মকর্তা নাঈমুল হক সাংবাদিকদের বলেন, আরাফাতের বাবা বাদী হয়ে হিজলা থানায় একটি মামলা দায়ের করেন। সন্দেহভাজন জিজ্ঞাসাবাদের জন্য এক জনকে আটক করা হয়েছে। শিগগিরই আসামিদের শনাক্ত করা সম্ভব হবে বলে তিনি জানান। লাশ ময়না তদন্তের জন্য রাতেই শেরে বাংলা মেডিক্যাল হাসপাতালের  মর্গে পাঠানো হয়েছে।