আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনই আনন্দ মিছিল না করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন। গতকাল রবিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত সাংবাদিক সম্মেলনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচটি ইমাম এ তথ্য জানিয়ে বলেন, নেত্রী (শেখ হাসিনা) বলেছেন- এখনই আনন্দ মিছিল করবেন না। এখন মিছিলের সময় নয়, এখন দেশ গড়ার সময়। কাজেই কোনো জায়গায় কেউ কোনো আনন্দ মিছিল বের করবেন না।
এইচটি ইমাম বলেন, আমাদের দলের সভানেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নির্দেশ- চূড়ান্ত ফল ঘোষণা না করা পর্যন্ত স্ব স্ব কেন্দ্রে অবস্থান করতে এবং প্রিজাইডিং অফিসারের কাছ থেকে ফল নিয়ে নেতাকর্মীদের বাড়ি ফেরার। কয়েকটি ফলাফল পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত যেসব কেন্দ্রের ফলাফল পেয়েছি তাতে শেখ হাসিনা তথা আওয়ামী লীগ বিপুল ভোটে নির্বাচিত হবে, ইনশাআল্লাহ।
এইচটি ইমাম বলেন, দলীয় সরকারের অধীনে যে সুষ্ঠু নির্বাচন সম্ভব তা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে। কয়েকটি অপ্রীতিকর ঘটনা ছাড়া দেশের সব জায়গায় সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে। নির্বাচনী সহিংসতায় সারাদেশে যারা মারা গেছেন তাদের বিষয়ে দুঃখপ্রকাশ করে এইচ টি ইমাম বলেন, যারা এসব ঘটনার সঙ্গে জড়িত রয়েছে তাদের সকলকেই আইনের আওতায় এনে বিচার করা হবে।
তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন যে কোনো মানদণ্ডেই একটি ঐতিহাসিক নির্বাচন। অতীতের যেকোনো সময়ের চেয়ে এবারের নির্বাচনে সহিংসতার ঘটনা উল্লেখযোগ্যভাবে কম হয়েছে। একই সঙ্গে আজকে অনুষ্ঠিত ২৯৯টি নির্বাচনী আসনের ৪০ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ১২টি আসনের মাত্র ১৬টি ভোট কেন্দ্রের ভোট স্থগিত হয়েছে। এমনকি নির্বাচনে ভোটারদের অংশগ্রহণও ছিল আশাব্যঞ্জক। ‘দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান বলেন, আমি বলব দলীয় সরকারের অধীনে যে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া সম্ভব হয়, এই নির্বাচন সেই প্রমাণ করেছে। এ সময় তিনি নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান।
সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ইয়াফেস ওসমান, আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. আব্দুল মান্নান, অভিনেত্রী ও আওয়ামী লীগ নেত্রী শমী কায়সার, অভিনেতা ফেরদৌস, অভিনেত্রী রোকেয়া প্রাচী, নাট্য অভিনেতা মাজনুন মিজান প্রমুখ উপস্থিত ছিলেন।
