যুক্তরাষ্ট্রে সাইবার হামলার শিকার হয়েছে কয়েকটি সংবাদপত্র। এতে সংবাদপত্রগুলোর মুদ্রণ ও বিতরণে বিলম্ব হয়েছে। যুক্তরাষ্ট্রের বাইরে থেকে এই হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামলার কারণে ট্রিবিউন পাবলিশিং কোম্পানির অধীনে থাকা শিকাগো ট্রিবিউন ও বাল্টিমোর সানসহ অনেক পত্রিকার বিতরণে দেরি হয়।
প্রথম সাইবার হামলার শিকার হয় ট্রিবিউন পাবলিশিং কোম্পানির নিউ ইয়র্ক ডেইলি নিউজ এবং অরল্যান্ডো স্যান্টিনেল। শুক্রবার এই পত্রিকা দু’টির কম্পিউটার ম্যালাওয়ারে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। লস অ্যাঞ্জেলস টাইমস এক প্রতিবেদনে জানায়, হামলায় ওয়াল স্ট্রিট জার্নাল ও নিউ ইয়র্ক টাইমসের পশ্চিম উপকূলের সংস্করণ বিতরণেও বাধা পাওয়ার খবর পাওয়া গেছে। দু’টি পত্রিকা এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। -রয়টার্স
