নির্বাচনে নারী প্রার্থীদের মনোনয়ন বৃদ্ধির দাবি

আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ২২:৪৩

ইত্তেফাক রিপোর্ট

আসন্ন জাতীয় নির্বাচনে সাধারণ আসনে নারীদের মনোনয়ন বৃদ্ধির দাবি জানালেন দেশের রাজনৈতিক দলগুলোর নারী নেতৃবৃন্দ। গতকাল বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও জাতীয় পার্টির ১৫০ নারী নেত্রী রাজধানীর একটি হোটেলে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে একটি বহুদলীয় সম্মেলনে এ দাবি জানান।

সম্মেলনে আলোচনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সেলিমা রাহমান, দলের জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাসুদা এম. রশিদ চৌধুরী। সাধারণ আসনে নারী প্রার্থীদের অনেকেই তাঁদের নিজ নিজ এলাকায় সাধারণ জনগণের জীবন মান উন্নত করতে বিভিন্ন ইতিবাচক উদ্যোগ গ্রহণ করেছেন। সম্মেলনে দলমত নির্বিশেষে ১৫০ জন নারী নেত্রী নির্বাচনে মনোনয়ন বৃদ্ধি করার জোরালো দাবি জানান।

সেলিমা রাহমান বলেন, আমাদের নারীরা দক্ষতা অর্জন করেছে, তারপরও তারা মনোনয়ন পান না। এটা রক্ষণশীল দৃষ্টিভঙ্গির প্রকাশ। এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন প্রয়োজন। একজন পুরুষ একটি ওয়ার্ডে আর একজন নারী ৩টি ওয়ার্ডের দায়িত্ব পালন করেন। তারপরও জাতীয় নির্বাচনে নারীরা বঞ্চিত হয়।

ড. শাম্মি আহমেদ নারীর মনোনয়ন বৃদ্ধির দাবি করে বলেন, নারীদের নির্বাচনে প্রয়োজন হয়, দলের প্রয়োজন হয় কিন্তু তারা মনোনয়ন থেকে বঞ্চিত হয়।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি কেটি ক্রোক বলেন, ‘সাধারণ আসনে মনোনয়ন প্রত্যাশী নারীরা তাদের নির্বাচনী এলাকায় ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা রেখে চলেছেন। রাজনৈতিক দলগুলোর এখনই সময় নির্বাচিত সংসদীয় আসনসমূহে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করার।’

সম্মেলনটি ইউএসএআইডি ও ইউকেএইড-এর যৌথ অর্থায়নে স্ট্রেংদেনিং পলিটিক্যাল লিডারশিপ ইন বাংলাদেশ প্রকল্পের অধীনে অনুষ্ঠিত হয়। এসপিএল প্রকল্পের ‘নারীর জয়ে সবার জয়’ ক্যাম্পেইনের আওতায় সারাদেশে ২০ হাজার-এর বেশি নারী নেতার সমন্বয়ে একটি ক্রমবর্ধমান বহুদলীয় নেটওয়ার্ক আছে যা ৪৪৩টি তৃণমূল কমিটিতে ৫ হাজার ৫৭০ জন নারীকে অন্তর্ভুক্ত হতে সহায়তা করেছে।