খুলনায় করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধার মৃত্যু

আপডেট : ১৩ মে ২০২০, ১৫:২১

খুলনায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এক বৃদ্ধার (৬৫) মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) সকাল সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওই বৃদ্ধা ডুমুরিয়া উপজেলার থুকড়া এলাকার বাসিন্দা। 

আরো পড়ুন: করোনা: দেশে একদিনে সর্বোচ্চ শনাক্ত ১১৬২, মৃত্যু ১৯

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক (মেডিসিন) ও করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, সর্দি, জ্বর, কাশি ও শরীরে ব্যথা নিয়ে বুধবার সকাল সাড়ে ৮ টায় খুমেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন।তাছাড়া তিনি হৃদরোগেও ভুগছিলেন। তার অবস্থার অবনতি হলে দ্রুত তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর সকাল সাড়ে ৯ টায় তিনি মারা যান। 

ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, রাজিয়া খাতুনের করোনা নিশ্চিতে নমুনা সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার তার নমুনার ফলাফল জানা যাবে। 

ইত্তেফাক/এএএম