বড়ো ক্ষতির মুখে বিসিসিআই

আপডেট : ১৩ মে ২০২০, ২০:৩৮

স্পোর্টস ডেস্ক

থমকে আছে ক্রিকেট, ঝুলে আছে বিশ্বের সবচেয়ে জমজমাট ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি আসর (আইপিএল)। আর যত সময় গড়াচ্ছে, আইপিএল নিয়ে অনিশ্চয়তাও বাড়ছে। আর বাড়ছে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) দুশ্চিন্তা। কারণ, আইপিএল এবার আদৌ না হলেও, বড়ো অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়বে বিশ্বেও সবচেয়ে ধনী এই ক্রিকেট বোর্ড।

অর্থের অঙ্কটা এত বড়ো যে, দুর্ভাবনার কোনো ইতি নেই বোর্ড কর্মকর্তাদের! এবার আইপিএল না হলে ৪০ বিলিয়ন রুপি রাজস্ব হারানোর শঙ্কা করছে ভারতের ক্রিকেট বোর্ড।

জানিয়ে রাখা ভালো, মার্চের ২৯ তারিখ শুরু হওয়ার কথা ছিল আইপিএলের। কিন্তু করোনা ভাইরাসের প্রকোপে সেটা ১৫ এপ্রিল পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়। এরপর ভারতকে ২১ দিনের জন্য লকডাউন করে দেওয়া হলে আরো পিছিয়ে যায় এই টুর্নামেন্ট। এবার লক ডাউনের মেয়াদ বাড়িয়ে তিন মে পর্যন্ত করার পর অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয় এই আসর। ভারতীয় সরকার এরপর লক ডাউনের মেয়াদ আরো বাড়িয়ে দেওয়াও খুব চাপের মুখে আছে বিসিসিআই।

বাস্তবতা যতটুকু বোঝা যাচ্ছে, তাতে এবারের আসর বাতিল হয়ে যাওয়ার শঙ্কাও আছে। সেই অনিশ্চয়তা ফুটে উঠল বিসিসিআই কোষাধ্যক্ষ অরুণ ধামালের কণ্ঠে। তিনি বলেন, বিসিসিআই আশঙ্কা করছে বড়ো অঙ্কের রাজস্ব হারানোর। আইপিএল যদি না হয়, ক্ষতির পরিমাণ হবে ৪০ বিলিয়ন রুপির কাছাকাছি বা আরও বেশি। আমরা নিশ্চিত নই, এবার টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হবে কি না।’

আইপিএল না হলে শুধু বোর্ডের নয়, ক্ষতি ক্রিকেটারদেরও। আর্থিক দিক থেকে সবচেয়ে বড়ো ক্ষতি ব্রডকাস্টারদের। পাঁচ বছরের জন্য ২২০ মিলিয়ন ডলারে টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ব পেয়েছে স্টার স্পোর্টস। তবে স্রেফ এবারের আসর থেকেই তারা সম্ভাব্য আয় ধরেছিল ৪০০ মিলিয়ন ডলার!