‘সিনেমা নির্ভর ঈদ আয়োজন হবে এবার’

আপডেট : ১৩ মে ২০২০, ২০:৪০

নাগরিক টেলিভিশনের অনুষ্ঠান বিভাগের প্রধান কামরুজ্জামান বাবু। এবার  নাগরিক টিভির ঈদ আয়োজনের পরিকল্পনা ও বিশ্বের এমন অবস্থায় দর্শকদের চাহিদা প্রসঙ্গে কথা বললেন বিনোদন প্রতিদিনের সঙ্গে। সাক্ষাত্কার নিয়েছেন মোস্তাফিজ মিঠু

চ্যানেলগুলোতে এবারের ঈদ আয়োজন বিগত সময়ের মতো দেখা যাবে না। এই পরিস্থিতিতে নাগরিক টিভির ঈদ প্রস্তুতি প্রসঙ্গে জানতে চাই—

নাগরিক টিভিতে ৭ দিনব্যাপী ঈদের বিশেষ আয়োজন থাকবে। এরমধ্যে সিনেমা নির্ভর ঈদ আয়োজন হবে এবার। ২৯টি বাংলা সিনেমা ও ৭টি হলিউডের সিনেমা প্রচার করা হবে। সবগুলো সিনেমায় স্পেশাল। বাংলা সিনেমার মধ্যে থাকছে ‘বিয়ের ফুল’, ‘নারীর মন’, ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘মাই নেম ইজ খান’সহ ২৯টি সিনেমা। হলিউডের মধ্যে থাকবে ‘মিশন ইম্পসিবল ২’, ‘টার্মিনেটর ৩’ ইত্যাদি। এছাড়াও ৭ পর্বের ধারাবাহিক নাটক থাকছে। যেহেতু লকডাউনের কারণে অনেক নাটকের শুটিং শেষ করা সম্ভব হয়নি, তাই যে কাজগুলো আগেই শেষ হয়েছে সেগুলো নিয়েই আয়োজন সাজানো হয়েছে। আর যেহেতু এবার নাটক ও অনুষ্ঠান কম, তাই চেষ্টা করেছি জনপ্রিয় সিনেমাগুলো প্রচার করার।

 

তারকা আড্ডাগুলো ঈদে বেশ আকর্ষণ থাকে। তেমন কোনো পরিকল্পনা আছে কি-না?

এখন তো স্বাস্থ্যবিধি মেনে তারকা শো বানানো সম্ভব নয়। তবে অনলাইনের মাধ্যমে আমরা কিছু শো করবো। এরমধ্যে একটি শো শুরু হবে পরশু দিন (আগামীকাল) থেকে। অনলাইন আড্ডায় অংশ নেবেন ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার কয়েকজন। এরমধ্যে থাকবেন মৌসুমী ও সোহানুর রহমান সোহান। ৩০ বছর আগের জনপ্রিয় এই সিনেমার বিভিন্ন বিষয় উঠে আসবে এ আড্ডায়। ঈদেও এমন কয়েকটি অনলাইন শোয়ের আয়োজন করা হবে।

 

এবারের ঈদ আয়োজন প্রসঙ্গে সার্বিকভাবে কী বলবেন?

প্রতিবছর এই সময়টা যে আনন্দ নিয়ে কাটে এবার হয়তো সেভাবে কাটবে না। তবে চ্যানেলগুলোর চেষ্টা এরমধ্যেও দর্শকদের বিনোদন দিয়ে যাওয়া।