নিশো-মেহজাবীনকে নিয়ে ম্যাজিক রিয়েলিটি!

আপডেট : ১৩ মে ২০২০, ২০:৪৩

 

জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। টিভিপর্দার এই জুটিকে নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি নির্মাণ করেছে একটি বিশেষ ঈদ নাটক। যার গল্প জাদু বাস্তবতা আর হ্যালোসিনেশনকে ঘিরে।

‘ইমপসিবল লাভ’ নামের এই নাটকটি রচনা করেছেন আব্দুল্লাহ মাহফুজ অভি, আর নির্মাণ করেছেন মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ।

নাটকটির গল্পে দেখা যাবে, ম্যাজিক রিয়েলিটি ঘরানার এক বিস্ময়কর প্রেমের কাহিনি। যেখানে দেখা যাবে আফরান নিশো প্রেমিকা মেহজাবীনের ওপর অভিমান করে সুইসাইড করে। অথচ এই গল্পের শেষটা হয় দু’জনের প্রেমময় সংসার দিয়ে!

নির্মাতা চন্দ্রদ্বীপ বলেন, ‘আমি আসলে ম্যাজিক রিয়েলিটি আর হ্যালোসিনেশনের মাঝের বিষয়টি ধরে কাজটি করেছি। এমন কাজ এখানে আগে কেউ করেছে বলে আমার জানা নেই।’

প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি জানায়, আসছে ঈদের বিশেষ আয়োজনে ‘ইমপসিবল লাভ’ উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।