টাঙ্গাইল জেনারেল হাসপাতালের গাইনি বিভাগ লকডাউন

আপডেট : ১৩ মে ২০২০, ২১:২৪

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের গাইনি বিভাগ বুধবার লকডাউন ঘোষণা করা হয়েছে। হাসপাতালে এক প্রসূতিকে সিজার করার পর তার দেহে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় গাইনি বিভাগ লকডাউন করা হয়। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শফিকুল ইসলাম সজিব জানান, গত শনিবার সন্তানসম্ভবা একজন মহিলা হাসপাতালে ভর্তি হন। তাকে সিজার করা হয়। তার ঠাণ্ডার সমস্যা থাকায় তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। মঙ্গলবার তার করোনা পজেটিভ আসে। ফলে বুধবার গাইনি বিভাগ লকডাউন করা হয়। একই সঙ্গে ঐ সিজার করার সময় সংশ্লিষ্ট সবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। লকডাউন থাকা অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে এবং টাঙ্গাইল মেটারনিটি হাসপাতালে প্রসূতি সেবা দেওয়া হবে বলে ডা. শফিকুল ইসলাম সজিব জানান।