উল্লাপাড়ায় (সিরাজগঞ্জ) সংবাদদাতা
রাজশাহী-ঢাকা মহাসড়কে উল্লাপাড়া উপজেলার গোজা ব্রিজের কাছে বুধবার ভোরে দুটি মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আনিছুর রহমান (২০) নামের এক হেলপার ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহত আনিছুর কুষ্টিয়া জেলার সাজানগর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। আহত হন অপর ট্রাকের হেলপার।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.খায়রুল ইসলাম জানান, একটি ট্রাক কুষ্টিয়া থেকে বগুড়া যাচ্ছিল। ঘটনার সময় নারায়ণগঞ্জ থেকে রাজশাহীগামী অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। আহত হেলপারকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ট্রাক দুটি জব্দ করেছে। এ ব্যাপারে সলংগা থানায় একটি মামলা হয়েছে।
