খুলনায় করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধার মৃত্যু

আপডেট : ১৩ মে ২০২০, ২১:২৫

খুলনা অফিস

খুলনায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে রাজিয়া খাতুন (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় চিকিত্সাধীন অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিত্সক (মেডিসিন) ও করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, রাজিয়া খাতুন সর্দি, জ্বর, কাশি ও শরীরে ব্যথা নিয়ে বুধবার সকাল সাড়ে ৮টায় প্রথমে খুমেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। তাছাড়া তিনি হূদরোগেও ভুগছিলেন। তার অবস্থার অবনতি হলে দ্রুত তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সকাল সাড়ে ৯টায় তিনি মারা যান।

ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, রাজিয়া খাতুনের করোনা নিশ্চিতে নমুনা সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার তার নমুনার ফলাফল জানা যাবে। তিনি ডুমুরিয়া উপজেলার থুকড়া গ্রামের বাসিন্দা।