লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় দুই বোনসহ নতুন করে আরো চার জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এরা চার জনই লোহাগাড়া উপজেলায় বেসরকারি হাসপাতালে কর্মরত। বিষয়টি মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ।
জানা যায়, প্রচণ্ড জ্বর ও কাশির প্রেক্ষিতে গত ১০ মে উক্ত চার জনের নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠানো হয়। মঙ্গলবার তাদের পজিটিভ রিপোর্ট আসে। উপজেলার পদুয়া ফরিয়াদিরকুলে বাড়ি আপন দুই বোনের বয়স ১৮ ও ২২ বছর। অপর দুই জনের বয়স ২২ ও ২৬ বছর। এদের মধ্যে একজনের বাড়ি বড়হাতিয়ায় ও অন্যজনের বাড়ি পুটিবিলায়। এ পর্যন্ত লোহাগাড়ায় ২৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান।
