ঈদে সৌদি আরবে থাকবে ২৪ ঘণ্টার কারফিউ

আপডেট : ১৩ মে ২০২০, ২১:৩৯

রয়টার্স

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে ঈদুল ফিতরের পাঁচ দিন ছুটিতেও সৌদি আরব জুড়ে ২৪ ঘণ্টার কারফিউ জারি থাকবে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। রমজান মাসের শেষ ভাগে ২৩ মে থেকে ২৭ মে পর্যন্ত বলবত্ থাকবে এ কারফিউ। তার আগ পর্যন্ত কেবল মক্কা ছাড়া সৌদি আরব জুড়ে নাগরিকরা স্থানীয় সময় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাইরে চলাফেরা করতে পারবেন, ব্যবসা-বাণিজ্যও চালু থাকবে।

মক্কায় এখন পূর্ণ কারফিউ বহাল আছে বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘এসপিএ’তে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে। সৌদি আরবে গত ২৬ এপ্রিল মক্কা ও এর আশপাশের এলাকা বাদে অন্যসব জায়গায় কারফিউ শিথিল করা হয়। এর আওতায় ৯টা থেকে ৫টা পর্যন্ত চলাচল এবং দোকানপাট খোলার অনুমতি দেওয়া হয়েছিল। এর আগে ২ এপিল সৌদি আরবের রাজধানী রিয়াদ, মক্কাসহ অন্য বড়ো শহরগুলোতে ২৪ ঘণ্টার কারফিউ জারি হয়েছিল। রমজান মাসের শুরুতে তা শিথিল করা হলেও, করোনা ভাইরাসের প্রকোপ বেশি এমন এলাকাগুলো পূর্ণ লকডাউনেই রাখা হয়েছে।