দুই দিনব্যাপী জাতীয় নবান্ন উত্সব শুরু কাল

আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ২২:৪৩

ইত্তেফাক রিপোর্ট

আগামী ১৫ ও ১৬ নভেম্বর, বাংলা পহেলা অগ্রহায়ণ ও ২ অগ্রহায়ণ জাতীয় নবান্ন উত্সব-১৪২৫। নবান্ন উত্সব উদযাপিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায়। আগামীকাল বৃহস্পতিবার সকাল ৭টা ১ মিনিটে অনুষ্ঠানমালা শুরু হয়ে প্রথম পর্ব সকাল ৯টায় নবান্ন শোভাযাত্রার মাধ্যমে শেষ হবে। চারুকলার বকুলতলায় বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে দ্বিতীয় পর্ব। দ্বিতীয় দিন শুক্রবার সকাল ৭টা থেকে একটানা রাত ৯টা পর্যন্ত চলবে নবান্নের উত্সব।

গতকাল মঙ্গলবার স্থানীয় একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। জাতীয় নবান্নোত্সব উদযাপন পর্ষদ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন পর্ষদের আহ্বায়ক শাহরিয়ার সালাম। উপস্থিত ছিলেন চেয়ারপার্সন লায়লা হাসান, কো-চেয়ারম্যান হাসিনা মমতাজ ও বাবুল বিশ্বাস, ল্যাবএইডের কর্মকর্তা সাইফুর রহমান লেনিন, পর্ষদের যুগ্ম-আহ্বায়ক নাঈম হাসান সুজা, আবুল ফারাহ পলাশ প্রমুখ।

লিখিত বক্তব্যে জানানো হয়, উন্নত দেশগুলোতে রাষ্ট্রীয়ভাবে নবান্ন উত্সব আয়োজন করা হলেও বাংলাদেশ কৃষি নির্ভর দেশ হওয়া সত্ত্বেও রাষ্ট্রীয়ভাবে নবান্ন উত্সবের আয়োজন করা হয় না। প্রতিবছরের মতো এবারও পহেলা অগ্রহায়ণে জাতীয় নবান্ন উত্সব দিবস ঘোষণা ও সরকারি ছুটির দাবি জানানো হয়।

এবছরের উত্সব উদ্বোধন করবেন নাট্যজন রামেন্দু মজুমদার। উত্সবে সংগীত, নৃত্য, আবৃত্তি, নবান্ন শোভাযাত্রা, আদিবাসী পরিবেশনাসহ বিভিন্ন পরিবেশনা থাকবে। থাকবে ঢাক-ঢোলের বাদন আর মুড়ি-মুড়কি-বাতাসা ও পিঠার আয়োজন। দ্বিতীয় দিন সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত নবান্নের শিশুপ্রহর ঘোষণা করা হয়েছে। এসময়ে মঞ্চে ২২টি শিশু সংগঠনের পরিবেশনা অনুষ্ঠিত হবে। এসময় শিশুরা দিনভর নবান্নের চিত্রাঙ্কনে অংশ নেবে। জাতীয় নবান্নোত্সব উদযাপন পর্ষদের আয়োজনে শিশুদের চিত্রাঙ্কনের প্রায় চারশ ছবির দুই দিনব্যাপী উন্মুক্ত প্রদর্শনী অনুষ্ঠিত হবে ও প্রকাশিত হবে শিশুদের অঙ্কিত ছবি নিয়ে পোস্টকার্ড। দুই দিনের উত্সবে ৬৮টি সাংস্কৃতিক সংগঠনসহ প্রায় ১২০০ শিল্পী সংগীত, নৃত্য, আবৃত্তি পরিবেশন করবেন।

ঢাকার বাইরে ভারতের আসাম থেকে শিল্পীরা এবং টাঙ্গাইলের সঙযাত্রা ও নড়াইলের পটগান অনুষ্ঠিত হবে। উত্সবে সহায়তা করছে ল্যাবএইড ও স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। এবারের নবান্ন উত্সব উত্সর্গ করা হবে সদ্য প্রয়াত সাংবাদিক, নবান্নোত্সব উদযাপন পর্ষদের কো-চেয়ারম্যান শুভ রহমান-এর প্রতি। সকলের জন্য উন্মুক্ত থাকবে নবান্ন উত্সব।