শিবচরে স্বাস্থ্যবিধি না মানায় ক্রেতা-বিক্রেতাকে জরিমানা

আপডেট : ১৩ মে ২০২০, ২৩:২৭

সামাজিক দূরত্ব বজায় না রাখা এবং মাস্ক না পড়ার অপরাধে শিবচরের বিভিন্ন মার্কেটে অভিযান চালিয়ে ১৬টি দোকান ৩ জন ক্রেতাকে ৬৬ হাজার টাকা জরিমানাসহ ১টি জুতার দোকানে তালা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৩ মে) দুপুরে শিবচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ: আসাদুজ্জামান এর নেতৃত্বে শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদসহ পুলিশের একটি টিম শিবচর পৌর বাজারের খলিফা পট্টি, সদর রোডের জামা কাপড় জুতার দোকানসহ বিভিন্ন দোকানে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। নিত্যপ্রয়োজনীয় দোকান ৭টা থেকে ১১টা ও জামা কাপড়সহ অন্যান্য দোকান ১১টা থেকে ৪ টা পর্যন্ত খোলা রাখা হচ্ছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শিবচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ: আসাদুজ্জামান বলেন, সামাজিক দূরত্ব বজায় না রাখা এবং মাস্ক না পড়ার অপরাধে শিবচরের বিভিন্ন মার্কেটে অভিযান চালিয়ে ১৬টি দোকান ৩ জন ক্রেতাকে ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং বেধে দেয়ার চেয়েও অনেক বেশি ক্রেতার সমাগম ঘটায় ১টি জুতার দোকানে তালা দেয়া হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১২ মে) বিকাল ৫ থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এম রকিবুল হাসান এর নেতৃত্বে শিবচর থানা পুলিশের একটি দল কাঁঠালবাড়ী ইউনিয়নের বাংলাবাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। সরকারি নির্দেশ অমান্য করে ব্যবসায়ীরা অতিরিক্ত সময় পর্যন্ত দোকানপাট খোলা রাখার দায়ে চা, মুদি, স্বর্ণ, দর্জি ও কাপড় ব্যবসায়ীসহ মোট ১৩ ব্যবসায়ীকে ১ হাজার টাকা করে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ: শামসুদ্দিন খান মোবাইল কোর্টের সাথে ছিলেন।   

ইত্তেফাক/এসআই