বিশেষ প্রতনিধি
ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। করোনার কারণে সৃষ্ট দুর্যোগের মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন নির্বাচনী এলাকার অসচ্ছল পরিবারের সঙ্গে। ব্যক্তিগত ঐচ্ছিক তহবিল থেকে ৩৩৩টি অসচ্ছল পরিবারকে দিচ্ছেন ৩ হাজার করে নগদ টাকা। যা তিনি ঈদ শুভেচ্ছা হিসেবেই বিতরণ করছেন। মঙ্গলবার ২৪ নম্বর ওয়ার্ডের নেতাদের কাছে এজন্য ১০ লাখ টাকার চেক তুলে দিয়েছেন। তারাই এই টাকা বিতরণ করবেন।
এর আগে ৬ মে ঈদুল ফিতরের ঈদকে সামনে রেখে নির্বাচনী এলাকার ৫ হাজার মানুষকে ‘ঈদ উপহার’ পাঠানো শুরু করেন মন্ত্রী। যা গতকাল শেষ হয়েছে। উপহার প্যাকেটে ছিল—চাল, ডাল, তেল, চিনি, সেমাইসহ বিভিন্ন খাদ্যসামগ্রী। করোনা ভাইরাস ঠেকাতে সরকার ঘোষিত ছুটির মধ্যে কর্মহীন হয়ে বেকায়দায় পড়েছেন নিম্ন আয়ের মানুষ। রাজধানীতে ‘দিন এনে দিন খাওয়া’ এসব মানুষের খাবার জুটছে নানাজনের দেওয়া ত্রাণে। এপ্রিলের শুরু থেকে স্বরাষ্ট্রমন্ত্রী তার নির্বাচনী এলাকার নিম্ন আয়ের মানুষকে ত্রাণ সহায়তা দিচ্ছেন।
এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, এলাকার মানুষের প্রতি আমার দায়বদ্ধতা থেকে এলাকার কিছু মানুষকে সামান্য ‘ঈদ শুভেচ্ছা’ দিয়েছি। সরকার থেকে প্রতিবছর সংসদ সদস্যদের জন্য একটা বাজেট থাকে। সেটাই আমি এলাকার মানুষকে দিয়ে দিয়েছি। তাছাড়া যে ৫ হাজার ঈদসামগ্রী দিতে চেয়েছিলাম সেগুলো এরই মধ্যে মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে।
