বিমানের অব্যবহূত টিকিটে ভ্রমণ করা যাবে ২০২১ সালের মার্চ পর্যন্ত

আপডেট : ১৩ মে ২০২০, ২২:২২

বিশেষ প্রতিনিধি

কোভিড-১৯ এর কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অব্যবহূত টিকিটে ২০২১ সালের ১৪ মার্চ পর্যন্ত ভ্রমণ করা যাবে। তবে কেউ যদি ভ্রমণ করতে না চান, তাহলে টিকিটের মূল্য ফেরত নিতে পারবেন। গতকাল বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা তাহেরা খোন্দকার  এতথ্য নিশ্চিত করেছেন। কোভিড-১৯ এর কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

করোনার কারণে জানুয়ারি থেকে যাত্রী কমতে থাকে বিমানের। ফেব্রুয়ারি থেকে ফ্লাইটসংখ্যাও কমে যায়। এরপর মার্চ মাসে বিভিন্ন আকাশপথে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় বিমান। ২৯ মার্চ লন্ডন ও ম্যানচেস্টারের ফ্লাইট পরিচালনার পর আর ডানা মেলেনি বিমান। গত এপ্রিল থেকে বেশ কিছু চার্টার্ড ফ্লাইট পরিচালনা করছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থাটি।