আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি ত্রাণ বিতরণ নিয়ে একটি মতলবি মহল অপপ্রচার চালাচ্ছে দাবি করে এ অপপ্রচারে বিভ্রান্ত না হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল বুধবার সকালে সংসদ ভবনে নিজের সরকারি বাসায় ব্রিফিংকালে সেতুমন্ত্রী এই আহ্বান জানিয়ে বলেন, দুর্যোগকালে মানুষের পাশে দাঁড়ানো আওয়ামী লীগের ঐতিহ্য। বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা দেশের যেকোনো দুর্যোগে আর্তমানবতার সেবায় সবার আগেই অসহায় মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন।
ওবায়দুল কাদের বলেন, সরকারি ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। ৬৪টি জেলায় প্রায় দেড় লাখ টন চাল বিতরণ করা হয়েছে। এ পর্যন্ত সরকার ৪ কোটি মানুষের মধ্যে সহায়তা পৌঁছে দিয়েছে। কিন্তু একটি মতলবি মহল এ নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এ ব্যাপারে দেশবাসীকে সতর্ক ও সজাগ থাকতে হবে।
ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশের মানুষের জীবনের পাশাপাশি জীবিকার চাকা সচল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু কিছু ক্ষেত্রে সাধারণ ছুটি শিথিল করেছেন। তিনি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।’ যারা মনে করছেন এ সিদ্ধান্ত ভুল, তাদের বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতা এবং বিশ্বের অন্যান্য দেশের দিকে তাকিয়ে বিষয়টি বিবেচনার অনুরোধ জানাচ্ছি।
ওবায়দুল কাদের বলেন, করোনা মহামারির এ সময়ে মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব ঘটতে পারে বলে গণমাধ্যম খবর প্রকাশ করেছে। এরই মধ্যে লক্ষণও দেখা যাচ্ছে। এডিস মশা থেকে মুক্তি পেতে সামাজিক সচেতনতা জরুরি হয়ে পড়েছে। ঘর বা বাড়ির চারপাশে যাতে পানি না জমে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। করোনা মোকাবিলার পাশাপাশি সারাদেশে সিটি করপোরেশন ও পৌরসভাগুলোকে মশক নিধনে কার্যকর প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি।
