করোনা উপসর্গ নিয়ে গত ৭২ ঘণ্টায় চট্টগ্রামে দুই ব্যাংক কর্মকর্তার মৃত্যুর ঘটনা গভীর উত্কণ্ঠার সৃষ্টি করেছে ব্যাংক পাড়ায়। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, মৃত দুই জনই একই পরিবারের সদস্য এবং তারা দুই জনই এনসিসি ব্যাংক আগ্রাবাদ শাখায় কর্মরত ছিলেন।
এনসিসি ব্যাংক আগ্রাবাদ শাখার একটি সূত্র জানায়, জামশেদ হায়দার চৌধুরী মারা যান গত সোমবার নিজ গাড়িতে শ্বাসকষ্টে। তিনি প্রথমে ফৌজদারহাট বিআইটিআইডিতে চিকিত্সা নিতে যান। সেখানে ব্যর্থ হয়ে চমেক হাসপাতালে যাওয়ার পথে গাড়িতেই মারা যান। তিনি ছিলেন এনসিসি ব্যাংকের এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট।
অপরদিকে মঙ্গলবার বিকালে ব্যাংক কর্মকর্তা শহিদুল্লাহ মজুমদার গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা মৃত ঘোষণা করেন। শহিদুল্লাহ এনসিসি ব্যাংক আগ্রাবাদ শাখার এরিয়া অফিসে কর্মরত ছিলেন। এনসিসি ব্যাংকের প্রাক্তন পরিচালক ওয়াজিউল্লাহর জামাতা জামশেদ হায়দার চৌধুরী এবং শ্যালক শহিদুল্লাহর মৃত্যুতে ব্যাংকপাড়ায় গভীর শোকের সৃষ্টি হয়েছে। তারা দুই জনই একই ভবনের দুই ফ্লোরে বসতেন। গতকাল বুধবার শহিদুল্লাহর পারিবারিক সূত্র জানায়, চমেকে শহিদুল্লাহর মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করে নেওয়া হয়েছে।
