করোনায় মারা গেছেন আরেক চিকিত্সক

আপডেট : ১৩ মে ২০২০, ২৩:১৬

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো একজন চিকিত্সক মারা গেছেন। তিনি হলেন প্রফেসর ডা. মেজর (অব.) আবুল মোকারিম মো. মহসিন উদ্দিন। রাজধানীর ইবনে সিনা হাসপাতালের রেডিওলজি বিভাগের প্রধান ছিলেন তিনি। এ নিয়ে করোনায় চার জন চিকিত্সক মারা গেলেন। মঙ্গলবার রাত ১১টা ২০ মিনিটে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইবনে সিনা হাসপাতালের সিনিয়র অ্যাসিস্টেন্ট ম্যানেজার আসরারুল আজিজ জানান, ডা. আবুল মোকারিম ১০ দিন আগে কোভিড-১৯ পজিটিভ হয়ে ইবনে সিনা হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। চার দিন আগে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) সাপোর্টের জন্য তাকে সিএমএইচে ভর্তি করা হয়।    সেখানে আইসিইউতে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার পরিবারের আরো দুই জন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন।

প্রসঙ্গত, এর আগে করোনায় গত ১৫ এপ্রিল দেশের প্রথম চিকিত্সক হিসেবে সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীনের মৃত্যু হয়। এরপর গত ৩ মে দেশের অন্যতম হেমাটোলজিস্ট এবং ল্যাবরেটরি মেডিসিন স্পেশালিস্ট অধ্যাপক কর্নেল (অব.) মো. মনিরুজ্জামানের মৃত্যু হয়। ৮ মে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ইস্টার্ন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. আনিসুর রহমান মারা যান। ডা. আবুল মোকারিমের মৃত্যু নিয়ে চার জন চিকিত্সকের মৃত্যু হলো।