করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউনের মধ্যে নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ট্যাটাবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো পাঁচ জন। নিহত ব্যক্তির নাম মো. নুরুল হক (৪৫)। এসময় উভয় পক্ষের প্রায় ১৪টি বসতঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টায় উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত নুরুল হক ঐ গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। আহতরা হলো, একই ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে বাদল (৫৫), বাদলের মেয়ে বৃষ্টি আক্তার (২০), মৃত কলিম উদ্দিনের ছেলে বিল্লাল মিয়া (৩৫), তোয়াব আলীর ছেলে সোহান (২০), হাসিম মিয়ার ছেলে কবির (৪০)।
