ঈদের আগেই অবসরপ্রাপ্ত সহস্রাধিক শিক্ষক পাচ্ছেন ৪০ কোটি টাকা

আপডেট : ১৩ মে ২০২০, ২৩:৩৩

করোনা ভাইরাসের দুর্যোগের কারণে গত ২৬ মার্চ থেকে দেশে সাধারণ ছুটি চলছে। সরকারি-বেসরকারি অধিকাংশ অফিস বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানও। তবে এর মধ্যেও ঈদের আগেই অবসরপ্রাপ্ত ১ হাজার ৫৪ জন বেসরকারি শিক্ষকের কল্যাণ সুবিধার প্রায় ৪০ কোটি টাকা ছাড় করল বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট।

ট্রাস্টের সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু ইত্তেফাককে বলেন, ‘কল্যাণ ট্রাস্টে ১ হাজার ৫৪ জন শিক্ষক কর্মচারীর কল্যাণ সুবিধা বাবদ ৩৯ কোটি ৬৬ লাখ টাকা ছাড় করা হয়েছে। অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের দুরবস্থার কথা বিবেচনা করে শিক্ষা উত্সাহে এই টাকা ছাড় করা সম্ভব হয়েছে। ট্রাস্টের কর্মকর্তা-কর্মচারীরা বন্ধের সময়েও অফিসে এসে কাজ করেছেন। ঈদের আগেই শিক্ষকদের যার যার ব্যাংক একাউন্টে টাকা জমা হয়ে যাবে।’ তথ্য অনুযায়ী গতকাল বুধবার কল্যাণ ট্রাস্টের সচিব এই চেকে স্বাক্ষর করেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের স্বাক্ষর শেষে আজ বৃহস্পতিবার চেক ব্যাংকে জমা হবে। ঈদের আগেই অনলাইনে বিএফটিএনের মাধ্যমে শিক্ষকদের যার যার একাউন্টে টাকা জমা হয়ে যাবে। ২০১৮ সালের মে মাসে যারা কল্যাণ সুবিধার জন্য আবেদন জমা দিয়েছিল তারা এই দুঃসময়ে টাকা পাচ্ছেন। এছাড়াও অসুস্থ ও মুক্তিযোদ্ধা শিক্ষকদেরও অর্থ ছাড় করা হয়েছে। কল্যাণ সুবিধা খাতে বর্তমানে মাসে জমা হয় ৪০ কোটি টাকা। কিন্তু মাসে প্রয়োজন ৫০ কোটি টাকা। বছরে ঘাটতি ১২০ কোটি টাকা। তবে সরকার এই খাতে বিভিন্ন সময় অনুদান দিচ্ছে। যা দিয়ে শিক্ষকদের কল্যাণ খাতের পাওনা পরিশোধ করা হয়।