খুলনায় ভার্চুয়াল কোর্ট চালু

আপডেট : ১৩ মে ২০২০, ২৩:৩৪

সুপ্রিম কোর্টের নির্দেশনায় খুলনায় ভার্চুয়াল কোর্ট চালু হয়েছে। তবে তথ্যপ্রযুক্তি জ্ঞানের সীমাবদ্ধতার কারণে অনেক আইনজীবী বিড়ম্বনার শিকার হচ্ছেন।

আদালত সূত্র জানায়, গত মঙ্গলবার থেকে খুলনায় ভার্চুয়াল কোর্ট চালু হলেও বুধবার থেকে আদালতগুলোতে আনুষ্ঠানিকভাবে শুনানি শুরু হয়। শুনানিতে আইনজীবীরা তাদের মক্কেলদের পক্ষে অংশগ্রহণ করেন। গতকাল বুধবার প্রথম দিনে ৪১টি মামলায় ৩৫ জনের জামিন ও ছয় জনের জামিন নামঞ্জুর হয়।

খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য অ্যাডভোকেট এম এম মুজিবর রহমান বলেন, তথ্যপ্রযুক্তি জ্ঞানের সীমাবদ্ধতার কারণে বেশির ভাগ আইনজীবী চরম বিড়ম্বনার শিকার হচ্ছেন। তবে, বেশি বিড়ম্বনার শিকার হচ্ছেন বয়স্ক আইনজীবীরা।

খুলনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও মহানগর আদালতের পিপি

অ্যাডভোকেট কে এম ইকবাল হোসেন বলেন, ভার্চুয়াল আদালতের নিয়মটি খুব সহজ। কিন্তু আমরা এতে খুব একটা অভ্যস্ত না বলে কেউ কেউ একটু অসুবিধার মধ্যে পড়েছেন। তবে, দুই-এক দিনের মধ্যে তারা এতে অভ্যস্ত হয়ে যাবেন। তিনি জানান, দুপুর ১টা পর্যন্ত মুখ্য মহানগর হাকিম আদালত থেকে ছয়-সাতটি জামিন হয়েছে।