রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্টের একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুত্স্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন শাহাদাত (২১) ও ইয়াসিন (২০)। গতকাল বুধবার বিকাল ৪টার সময় ঘটনাটি ঘটে। অচেতন অবস্থায় পুলিশ ও অন্য শ্রমিকেরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
বাড্ডা থানার এসআই শহিদুল ইসলাম বলেন, বাড্ডার ডিআইটি প্রজেক্ট ১১ নম্বর রোডের একটি নির্মাণাধীন ভবনে সেপ্টিক ট্যাংক খোলার কাজ করছিলেন কয়েক জন শ্রমিক। পাশাপাশি সেখানে জমে থাকা বৃষ্টির পানি বের করে দেওয়ার জন্য বৈদ্যুতিক মোটর চালু করা হয়। এ সময় মোটরের বৈদ্যুতিক তার পানির সঙ্গে লেগে বিদ্যুতায়িত হয়ে যায়। এতে দুই শ্রমিক বিদ্যুত্স্পৃষ্ট হন। শাহাদাতের বাড়ি নোয়াখালীতে এবং ইয়াসিনের বাড়ি শেরপুরে।
