ইস্কাটনের বাসা থেকে সাবেক ক্যাপ্টেনের লাশ উদ্ধার

আপডেট : ১৪ মে ২০২০, ০০:৫৮

নিউ ইস্কাটনের একটি ভবনের ছয় তলার বাসা থেকে  মঙ্গলবার রাতে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, মৃত ঐ ব্যক্তির নাম আসাদ চৌধুরী ওরফে লিটন (৪৬)। তিনি  বেসরকারি একটি জাহাজ কোম্পানির সাবেক ক্যাপ্টেন বলে জানা গেছে। রমনা থানার পুুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে আসাদ চৌধুরীর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে শোনা  গেছে, তিনি হূদরোগ ও ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, অসুস্থ হয়ে তিনি মারা গেছেন।

রমনা থানার পুলিশ আরো জানায়, আসাদ চৌধুরী নিউ ইস্কাটনের ১২২/২৩ নম্বর ভবনের ছয় তলায় তার ভগ্নিপতির ফ্ল্যাটে থাকতেন। আসাদের ভগ্নিপতি নোয়াখালীর চিকিত্সক। তিনি সপরিবারে সেখানেই থাকেন। মঙ্গলবার রাতে ঐ ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হলে বাড়ির নিরাপত্তাকর্মী আসাদের ভগ্নিপতির ছোটো ভাইকে ফোন দিয়ে ঘটনা জানান। পরে তিনি এসে চাবি দিয়ে প্রধান ফটক খুলে ভেতরে ঢুকে দেখেন আসাদের লাশ খাটের ওপর পড়ে আছে। লাশটিতে পচন ধরেছে। খবর পেয়ে রমনা থানার পুলিশ লাশ উদ্ধার করে।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। আসাদ চট্টগ্রামের একটি শিপিং কোম্পানির ক্যাপ্টেন ছিলেন। সেখান  থেকে দুই বছর আগে তিনি অবসর নেন। ১৫ বছর আগে স্ত্রীর সঙ্গে আসাদের বিয়েবিচ্ছেদ হয়। এরপর তিনি আর বিয়ে করেননি। আসাদ বিষণ্নতায় ভুগছিলেন এবং বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। ১৫ দিন আগে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। ধারণা করা হচ্ছে, রোগাক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে আসাদের মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় করা যাবে।