লক্ষ্মীপুরের রামগতিতে এক স্বাস্থ্যকর্মীর (কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডর ) শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১৪মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র এ তথ্য নিশ্চিত করে জানায়, চট্টগ্রাম বিআইটিআইডিতে নমুনা পরীক্ষার পর তার শরীরে করোনা শনাক্ত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. কামনাশিস মজুমদার জানান, তিনি উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়নের জনতা বাজার এলাকার বাসিন্দা এবং করোনা প্রতিরোধে গঠিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টিমে কাজ করে আসছেন। যে কারণে কোন উপসর্গ না থাকলেও করোনা পরীক্ষার জন্য তিনি নিজ থেকে নমুনা দেন। বুধবার রাতে বিআইটিআইডি থেকে পাঠানো রেজাল্টে তার করোনা পজিটিভ আসে।
আরো পড়ুন: গোপালপুরে দুই যুবলীগ নেতা করোনায় আক্রান্ত
তিনি জানান, তাকে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া তাদের বাড়ি লকডাউন করে পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুর রহিম জানান, নতুন করে এই একজন করোনায় আক্রান্ত শনাক্ত হওয়ায় রামগতিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে নয়জনে। এর আগে এক ইউপি সদস্যসহ আটজনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে। তাদের মধ্যে প্রথম শনাক্ত হওয়া রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
ইত্তেফাক/এএএম
