বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের মধ্যম ইলশা গ্রামে গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হাফেজ মোহাম্মদ ইব্রাহিম (২২) মারা গেছেন। বুধবার বিকাল ৪টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইব্রাহিম ঐ এলাকার আবু ছালেকের ছেলে ।
অপরদিকে, বাহারছড়া ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ড মধ্যম ইলশা গ্রামের হাফেজ মাওলানা মো. খালেদ (২৫) মঙ্গলবার রাত ১০টার দিকে গুলিবিদ্ধ হয়ে খুন হয়েছে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম মজুমদার বলেন, সামাজিক কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পৃথক দুটি ঘটনা ঘটেছে। বাহারছড়ার মধ্যম ইলশার আহত ব্যক্তি মো. ইব্রাহিম মারা গেছেন, এছাড়া একই ঘটনায় মাওলানা মো. খালেদ মারা গিয়েছিলেন। দক্ষিণ সাধনপুর গ্রামের ট্রাকচালক খুনের ঘটনায় মামলা দায়ের করেছে তার স্ত্রী। উভয় স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।
