স্পোর্টস রিপোর্টার
করোনা ভাইরাসের কারণে স্থবির গোটা বিশ্ব। তবে এর মাঝেই দক্ষিণ এশিয়ার মধ্যে করোনা পরিস্থিতি সবচেয়ে সহনীয় পর্যায়ে রয়েছে শ্রীলঙ্কায়। দ্বীপ দেশটি করোনার লড়াইয়ে প্রতিবেশি দেশগুলোর চেয়ে অনেকগুণ বেশি সফল। দীর্ঘ দুই মাস লকডাউনের পর ইতিমধ্যে গত ১১ মে স্বাভাবিক জীবনে ফিরেছে লঙ্কানরা।
এর ফলে দেশটিতে ক্রিকেট ফেরাতে পদক্ষেপ নিচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। চলতি বছর জুন-জুলাই-আগস্টে শ্রীলঙ্কা সফরের কথা রয়েছে বাংলাদেশ এবং ভারতের। করোনার মাঝে এই সিরিজ আয়োজন নিয়ে ভাবতে সময় চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। আজ পর্যন্ত (১৫ মে) সেই সময় দিয়েছিল এসএলসি।
এখন শিগগিরই দুই সিরিজ নিয়ে সিদ্ধান্ত নিতে চায় এসএলসি। দুই বোর্ডের সঙ্গে আলোচনা করে সিরিজগুলোর ভাগ্য নির্ধারণ করবে লঙ্কান বোর্ড এবং আজই আসতে পারে বাংলাদেশ-ভারতের লঙ্কা সফরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত।
ভারতীয় দৈনিক দ্য হিন্দুকে এসএলসির প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা বলেছেন, ‘পরিস্থিতি মূল্যায়নে দুই বোর্ডই (বিসিবি ও বিসিসিআই) ১৫ মে পর্যন্ত সময় চেয়েছিল। আমরা তাদেরকে সেটা দিয়েছি। এই সপ্তাহের শেষেই আমরা একটা সম্মিলিত সিদ্ধান্তে আসতে পারব।’
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি অনুযায়ী জুলাই-আগস্টে শ্রীলঙ্কার মাটিতে তিনটি টেস্ট খেলার কথা রয়েছে বাংলাদেশের। অবশ্য একটি টেস্ট কমিয়ে বেশি কিছু টি-২০ যোগ হতে পারে এই সিরিজে। কারণ বছরের শেষ দিকেই রয়েছে টি-২০ বিশ্বকাপ। বাংলাদেশের আগেই জুন-জুলাইয়ে লঙ্কান সফর করবে ভারত। স্বাগতিকদের বিরুদ্ধে তিনটি ওয়ানডে ও তিনটি টি-২০ খেলার কথা ভারতের।
সবই অনিশ্চয়তার দোলাচালে রয়েছে করোনার কারণে। শ্রীলঙ্কার অবস্থা ভালো হলেও বাংলাদেশ-ভারতে এখন করোনার প্রকোপ বেড়েই চলেছে। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। এদিকে দুটি দেশই লকডাউনের মেয়াদ বাড়িয়েছে।
