এএফসির প্রেসক্রিপশন পেলে সিদ্ধান্ত বাফুফের

আপডেট : ১৪ মে ২০২০, ২০:৫৫

স্পোর্টস রিপোর্টার

স্থগিত থাকা প্রিমিয়ার ফুটবল লিগ হবে কি হবে না, লিগ নিয়ে বাফুফে কোন পথে যাবে তা নিয়ে রবিবার লিগ কমিটির সভা। তবে তার আগে এএফসির কাছে পরামর্শ চেয়েছে বাফুফে। সহজ কথা হচ্ছে, এএফসি কাপ ফুটবলে দুটি ক্লাব সুযোগ পায়। একটি ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন অন্যটি প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন দল খেলবে। ফেডারেশন কাপ ফুটবলে হলেও লিগ শুরু হয়েও স্থগিত হয়ে যায়। কোনো কারণে যদি লিগ নাও হয় তাহলে এএফসি কাপ ফুটবলে একটি ক্লাবই অংশগ্রহণ করতে পারবে। কিন্তু দ্বিতীয় ক্লাবটির কী হবে। বাফুফে চায় লিগ হোক। বর্তমান পরিস্থিতিতে লিগ নাও হতে পারে। যদি না হয় তাহলে ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্ট  হতে দুটি দলকে এএফসি কাপে খেলার সুযোগ দেওয়া যাবে কিনা তা জানতে এএফসির কাছে চিঠি পাঠিয়েছে বাফুফে। গতকাল পর্যন্ত সেই চিঠির জবাব আসেনি। বাফুফের সাধারণ সম্পাদক নাঈম সোহাগ জানিয়েছেন তারা এএফসিতে চিঠি পাঠিয়েছেন কিন্তু কোনো জবাব এখনো আসেনি।’ তিনি বললেন, ‘আমরা এএফসিতে কথা বলব। ফেডারেশন কাপ ফুটবলের দুটি দল এএফসি কাপে খেলানো যাবে কিনা জানতে চাইব। বর্তমান পরিস্থিতিটা ভিন্ন। এই ধরনের বিশেষ কোনো পরিস্থিতিতে অনেক সময় নিয়মের পরিবর্তনও হয়। যাই হোক এএফসি যদি জানিয়ে দেয় তাহলে সেই বিষয়টি রবিবারের সভায় গুরুত্ব পাবে।’

সোহাগের কথায় বুঝা যাচ্ছে লিগ বাতিল হয়ে যেতে পারে। তবে তিনি মুখে বলছেন লিগ হওয়ার পক্ষে বাফুফের নীতি নির্ধারকরা। আর যদি লিগ নাও হয় তাহলে আগামী মৌসুম নিয়েও কথা হবে। নতুন মৌসুম কী হবে সেটাও উঠবে। কবে নাগাদ নতুন করে দলবদল, এগুলো নিয়ে আলোচনা হবে। সোহাগ জানিয়েছেন, যদি নতুন মৌসুম শুরু হওয়ার পক্ষে কথা বলাও হয় তাহলে আগস্ট-সেপ্টেম্বরে দলবদল। ক্লাবগুলোকে দুই তিন মাস সময় দিতে হবে।  সব কথার শেষে স্থগিত থাকা প্রিমিয়ার ফুটবল লিগের ভবিষ্যত্ নিয়ে বাফুফের সাধারণ সম্পাদক বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনা করে বললেন, ‘মনে না হয় প্রিমিয়ার লিগ হবে।’

লিগ হতে কী হবে না, তার সিদ্ধান্ত না হলেও লিগের ১৩ ক্লাবের বেশির ভাগ বিদেশি ফুটবলার ঢাকা ছেড়েছেন। নিজ দেশে চলে গেছেন। কিছু বিদেশি কোচও নিজ বাড়িতে ফিরে গেছেন। দেশি ফুটবলাররা ঘরের মধ্যে। ক্লাবগুলো শূন্য। এখান থেকে নতুন করে গুছিয়ে পুনরায় লিগের খেলায় নামা কঠিন। আর যদি নতুন মৌসুম শুরু করার কথা বলা হয় তাহলে সেটা খুব সহসাই হবে না সেই পরিস্থিতি নির্ভর করছে সামগ্রিক করোনা পরিস্থিতির ওপর।