স্পোর্টস ডেস্ক
করোনা বিভীষিকা পেছনে ফেলে ফুটবল মৌসুম পুনরায় শুরু করতে যাচ্ছে ইতালিয়ান ফুটবল কর্তৃপক্ষ? আগামী ১৩ জুন আবারও ফুটবল লিগ মাঠে গড়াতে চায় তারা। তবে সে পরিকল্পনা বাস্তবায়নের আগে সরকারের সবুজ সংকেত পেতে হবে অবশ্যই।
বৈশ্বিক মহামারির কবলে ইউরোপে সর্বপ্রথম শীর্ষ ফুটবল লিগ হিসেবে স্থগিত হয়েছিল সিরি’আ। এরপর থেকে প্রায় দুই মাস ফুটবল তো অবশ্যই, স্বাভাবিক জীবনযাত্রাই চলে গিয়েছিল নির্বাসনে। সে স্থবিরতা কাটিয়ে শেষ কিছুদিনে স্বাভাবিক জীবনে ফেরার প্রক্রিয়া শুরু করেছে দেশটির সরকার। তারই অংশ হিসেবে ফুটবল দলগুলোকে অনুশীলনের অনুমতি দেয় ইতালি। তবে সিরি আ’র মাঠে ফেরা নিয়ে শঙ্কা ছিলই, সে শঙ্কাও ধীরে ধীরে সরে যেতে শুরু করেছে। বুধবার লিগের ক্লাবগুলোর সঙ্গে বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনায় আগামী ১৩ জুন ফেরার দিনক্ষণ ঠিক করা হয়।
চলতি মাসের শুরুতে সরকারের অনুমতি মিলতেই ব্যক্তিগত পর্যায়ে অনুশীলনে ফেরেন ইতালির শীর্ষ লিগের খেলোয়াড়রা। আগামী সোমবার থেকে শুরু হবে গুচ্ছভিত্তিক অনুশীলন।
