রাজশাহীর পুঠিয়ার নলপুকুরিয়া গ্রামে স্বামীর হাতে খুন হয়েছেন গৃহবধূ জামফুরা বেগম (৪৫)। এ ঘটনায় ছেলে বাদি হয়ে বাবার বিরুদ্ধে পুঠিয়া থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ রামেক হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।
নিহতের ছেলে লালু মন্ডল বলেন, পারিবারিক কলহের জেরে তার বাবা ক্ষিপ্ত হয়ে দা দিয়ে কুপিয়ে মাকে জখম করেন। এতে মায়ের মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে তার বাবা পলাতক রয়েছেন। পুঠিয়া থানার ওসি রেজাউল ইসলাম বলেন, গৃহবধূ জামফুরা বেগম হত্যায় বুধবার রাতেই ছেলে বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলায় একমাত্র আসামী, বাদীর পিতা জালাল উদ্দীন মন্ডল পলাতক রয়েছেন। তাকে আটক করতে মাঠে নেমেছে পুলিশ।
উল্লেখ্য, বুধবার (১৩ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পারিবারিক কলহের জেরে জামফুরা বেগমকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন তার স্বামী জালাল উদ্দীন মন্ডল। পরে স্থানীয় লোকজন তাকে মূমূর্ষ অবস্থায় পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেন।
ইত্তেফাক/এসি
