বিপর্যয় থেকে শিক্ষা

আপডেট : ১৪ মে ২০২০, ২৩:০০

করোনাকালে আমাদের কাছে যে বিষয়টা দারুণভাবে স্পষ্ট হয়ে গিয়েছে—তা হলো, বেঁচে থাকার জন্য অঢেল কিছু নিষ্প্রয়োজন। জমকালো বিপণন কেন্দ্র, ফাস্টফুডের দোকান এসব ছাড়াও জীবন স্বাভাবিক গতিতে চলতে পারে। পাড়ার কিংবা বাজারের মুদি দোকান, ওষুধের দোকান এবং খোলা আকাশের নিচে বসা সবজির বাজার কতোটা আবশ্যক সেটাও বুঝিয়ে দিয়েছে। চরম ক্রান্তিকালে জীবন রক্ষার তাগিদে অত্যাবশ্যকীয় সবকিছুই ধনী ও গরিবের জন্য একই। বিপুল অর্থকড়ি কিংবা ক্ষমতা কতোটা নির্বিষ তা বুঝিয়ে দিচ্ছে করোনা। তবে এটাও সত্য, ব্যক্তির উচ্চাশা অত্যন্ত স্বাভাবিক। কিন্তু সেই উচ্চাকাঙ্ক্ষার দায় মেটাতে ব্যক্তি, সমাজ, দেশ সর্বোপরি পৃথিবীর ক্ষতিসাধন খুব গর্হিত অপরাধ। কল্যাণকর গবেষণা, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নতি এবং সকল শ্রেণির সব বয়সের মানুষের মৌলিক মানবাধিকার সুরক্ষায় ব্যয় হোক আমাদের সময়, শ্রম ও অর্থ। চলমান বিপর্যয়ের এই মূল্যবান শিক্ষা আমাদের সচেতন করুক।

মোহাম্মদ ফয়সাল

১৪৬ ডি টি রোড, পূর্ব মাদারবাড়ি, চট্টগ্রাম