৩৯তম (বিশেষ) বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েও নিয়োগবঞ্চিত

আপডেট : ১৪ মে ২০২০, ২৩:০১

করোনা পরিস্থিতিতে চিকিত্সক সংকট যাতে না হয়, সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশে ৩৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পাশ করা কিন্তু প্রথম ধাপে স্বাস্থ্য ক্যাডার হিসাবে সুপারিশপ্রাপ্ত হননি এমন প্রার্থীদের মধ্য থেকে ২,০০০ চিকিত্সক (এমবিবিএস)-কে স্বাস্থ্য ক্যাডার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে ঠিকই; কিন্তু একই বিসিএস পরীক্ষায় পাশ করে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হননি এমন ২৫৩ জন ডেন্টাল সার্জন (বিডিএস) থাকলেও ঐ ২,০০০ চিকিত্সকের মধ্যে একজনও ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হয়নি। উপজেলা পর্যায়ে ডেন্টাল সার্জনের পদ মাত্র ১টি। অনেক হাসপাতালে দন্ত চিকিত্সকের পদ অনেকদিন থেকেই খালি রয়েছে। তাই সুপারিশপ্রাপ্ত ২০০০ চিকিত্সকের মধ্যে কোনো ডেন্টাল সার্জন নেই, যা অবাক হওয়ার মতো বিষয়। জানা গেছে, স্বাস্থ্য অধিদপ্তর ৩০০ জন ডেন্টাল সার্জন নিয়োগের জন্য প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংশ্লিষ্ট বিভাগে জমা দিয়েছে এবং শীঘ্রই নাকি ডেন্টাল সার্জন নিয়োগের ব্যবস্থা হবে। করোনাকালে সংক্রমণের উচ্চমাত্রায় ঝুঁকি থাকায় প্রাইভেট ডেন্টাল চেম্বারগুলো বন্ধ। এখন দন্ত রোগীদের একমাত্র ভরসা সরকারি হাসপাতালগুলো। তাই আমরা যারা ৩৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখনো নিয়োগ পাইনি, তাদের জরুরিভিত্তিতে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করতে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। 

ডা. মোহাম্মদ জসিম উদ্দিন

উত্তর কোদালপুর, আলাওলপুর, গোসাইরহাট, শরীয়তপুর