সাভারে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা

আপডেট : ১৪ মে ২০২০, ২৩:০৫

ইত্তেফাক রিপোর্ট

সাভারের বিভিন্ন বিপণিবিতান ও শপিংমলে সরকারি নির্দেশ অনুযায়ী সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি না মেনে চলাচল করার অপরাধে গত তিন দিনে ২৫ ক্রেতা-বিক্রেতাকে মোট ৩৬ হাজার ১০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার সাভারের বিভিন্ন মার্কেট ও বিতণিবিতানে এ অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেন সাভার উপজেলা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ।

গত রবিবার সাভার বাসস্ট্যান্ড এলাকার সকল বড়ো মার্কেট ও শপিংমলগুলো খুলে দেওয়া হয়। এরপর থেকে এসব বিতণিবিতানগুলোতে ক্রেতা-বিক্রেতাদের ভিড় বাড়তে থাকে। গত মঙ্গলবার সরকারি নির্দেশ অমান্য করে বিকালের পর দোকান খোলা রাখা এবং সামাজিক দূরত্ব না মানায় সাভার সিটি সেন্টারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় শপিংমলটির চার ব্যবসায়ীকে ৬ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়। বুধবার পাশের নিউ মার্কেটে অভিযান চালিয়ে সমাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মানার অপরাধে তিন ব্যবসায়িকে ১৩ হাজার টাকা এবং  চার জন ক্রেতার প্রত্যেকে ২০০ টাকা করে ৮০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবারও একই অপরাধে সাভার বাসস্ট্যান্ড এলাকার রাজ্জাক প্লাজা, ইনফিনিটি, সিটি সেন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ৯টি দোকানে অভিযান চালিয়ে ১৪ জনকে ১৫ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।