এক দিনে সংক্রমিত ১০৪১, মারা গেছেন ১৪ জন

আপডেট : ১৪ মে ২০২০, ২৩:১১

এক দিনে আরো ১ হাজার ৪১ জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৮ হাজার ৮৬৩ জন। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ১৪ জন । এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৮৩ জন হলো। নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বৃহস্পতিবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির সর্বশেষ তথ্য তুলে ধরেন।

গত এক দিনে মোট কতজন সুস্থ হয়েছেন সেই তথ্য বুলেটিনে জানানো হয়নি। বুধবার পর্যন্ত মোট ৩ হাজার ৩৬১ জন সুস্থ হয়ে ওঠার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত একদিনে যে ১৪ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ১১ জন পুরুষ, তিন জন নারী। তাদের মধ্যে ৯ জন ছিলেন ঢাকা মহানগরীর বাসিন্দা, বাকিরা চট্টগ্রামের। এই ১৪ জনের মধ্যে তিন জনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে, পাঁচ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, পাঁচ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, এক জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এবং এক জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে গত ৮ মার্চ; সেই বিবেচনায় করোনা ভাইরাস সংক্রমণের দিক থেকে বাংলাদেশ এখন রয়েছে দশম সপ্তাহে। অর্থাত্ এ সপ্তাহ শেষ হতে এখনো দুই দিন বাকি। অষ্টম সপ্তাহের তুলনায় দশম       সপ্তাহের এখনো দুই দিন বাকি থাকতেই আক্রান্ত বেড়েছে প্রায় তিনগুণ ও মৃত্যু বেড়েছে প্রায় ?দ্বিগুণ। তিনি বলেন, ‘আমাদের অষ্টম সপ্তাহ ছিল ২৬ এপ্রিল থেকে ২ মে। সেখানে আমাদের শনাক্ত ছিল ৩ হাজার ৭৯২ জন। সেই সপ্তাহে সুস্থ হয়েছিল ৬৪ জন এবং মৃত্যুবরণ করেছিল ৩৫ জন। নবম সপ্তাহে (৩ থেকে ৯ মে)  মোট শনাক্ত হয়েছিল ৪ হাজার ৯৮০ জন। সুস্থ হয়েছিলেন ২ হাজার ৩৩৭ জন। ঐ সপ্তাহে মৃত্যুবরণ করেছিলেন ৩৯ জন। দশম সপ্তাহ শেষ হতে দুই দিন বাকি। ১৪ মে পর্যন্ত শনাক্ত হয়েছে ৮ হাজার ৯৩ জন। এ সপ্তাহে সুস্থ হয়েছে ১ হাজার ১৮৯ জন। ১৪ মে পর্যন্ত মৃত্যুবরণ করল ৬৯ জন।’

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস শনাক্তে আরো ৭ হাজার ৮৩৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৭ হাজার ৩৯২টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১ লাখ ৫১ হাজার ৯৩০টি।