জেএমআই গ্রুপের বিরুদ্ধে তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

আপডেট : ১৪ মে ২০২০, ২৩:১৩

জেএমআই গ্রুপের সরবরাহকৃত এন-৯৫ মাস্ক কেলেঙ্কারির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। হাইকোর্টের বিচারপতি মো. ওবায়দুল হাসানের নের্তৃত্বাধীন ভার্চুয়াল বেঞ্চে গতকাল বৃহস্পতিবার এই রিট দাখিল করা হয়।

রিট আবেদনে এন-৯৫ মাস্ক এর মোড়কে নকল মাস্ক সরবরাহের জন্য সরবরাহকারী প্রতিষ্ঠান জেএমআই গ্রুপের বিরুদ্ধে তদন্ত, তাদের সঙ্গে সমস্ত প্রকার চলমান চুক্তি বাতিল, সরকারি দরপত্র আহ্বানের ক্ষেত্রে কালো তালিকাভুক্তি এবং ক্ষতিপূরণ আদায়ে আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে।

এ বিষয়ে স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর উকিল নোটিশ দেওয়া হলেও জবাব না পেয়ে রিটটি করেন বেসরকারি সংগঠন ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব। রিটে বলা      হয়েছে, করোনা ভাইরাসে আক্রান্ত অথবা সন্দেহভাজন রোগীদের চিকিত্সা সেবায় নিয়োজিত চিকিত্সক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য এন-৯৫ মাস্ক সরবরাহের জন্য জেএমআই গ্রুপের সঙ্গে চুক্তিবদ্ধ হয় সরকার। তার প্রেক্ষাপটে জেএমআই এন-৯৫ মাস্কের প্যাকেটে অন্য মাস্ক সরবরাহ করে। এ নিয়ে দৈনিক ইত্তেফাকসহ বিভিন্ন মিডিয়ায় প্রতিবেদন প্রকাশিত হয়। অথচ এখনো পর্যন্ত এই ধরনের প্রতারণা ও অবৈধ কর্মকাণ্ডের জন্য কোম্পানির বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নিয়েছে বলে আমাদের জানা নেই। বিষয়টি অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ জনস্বার্থ সংশ্লিষ্ট বিধায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনপূর্বক কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ দরকার।

রিট আবেদনে স্বাস্থ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, আইইডিসিআরের পরিচালক, সিএমএসডির পরিচালক এবং জেএমআই গ্রুপের এমডিকে বিবাদী করা হয়েছে।