২৬ বসতঘরে আগুন লুটপাট, নারী নিহত

আপডেট : ১৪ মে ২০২০, ২৩:১৪

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে জেগে ওঠা চরের খাস জমির দখল নিতে রাতের আঁধারে একটি গ্রামের ২৬টি বসতঘর আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। অস্ত্রধারী দুর্বৃত্তদল ফাঁকা গুলিবর্ষণ করে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খিলছাদক ডাঙ্গারচর এলাকার ঐ গ্রামে প্রবেশ করে। পরে চার ঘণ্টা ধরে ব্যাপক লুটপাট চালিয়ে দেড় হাজার মণ ধান, কয়েক শ মণ মরিচ, আলু ও শিমের বিচি, ৫০ মণ চাল, ৩৫/৪০টির মতো গবাদিপশু, তিনটি মোটরসাইকেল, ফ্রিজ, টেলিভিশন এবং বাড়ির বিভিন্ন আসবাবপত্রসহ অন্তত ২ কোটি টাকার সম্পদ লুট করে নিয়ে যায়। লুটপাটের পর দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করার সময় ঐ গ্রামের ২৬টি বাড়ি আগুনে জ্বালিয়ে দেয়। এ সময় আগুনে পুড়ে মারা যান মনোয়ারা বেগম (৫০) নামে এক নারী। তিনি ঐ এলাকার মোজাহের আহামদের স্ত্রী। এছাড়া দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে নারী-পুরুষসহ অন্তত ১৫ ব্যক্তি আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।     

আক্রান্ত পরিবারের লোকজন ও এলাকাবাসী জানান, কৈয়ারবিল ইউনিয়নের খিলছাদক ডাঙ্গারচর এলাকায় মাতামুহুরী নদী থেকে প্রবহমান একটি খালের জেগে উঠা চর (খাস জমি) দখলে নিতে এই তাণ্ডব চালায় দুর্বৃত্তরা। অভিযোগ উঠেছে, পাশের বরইতলী ইউনিয়নের এক মেম্বারের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটে।      

আগুনে সর্বস্ব খোয়ানো বাড়ির মালিকরা হলেন কৈয়ারবিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খিলছাদক ডাঙ্গারচর এলাকার কৃষক মোহাম্মদ ইসমাইল, নুরুল হোসাইন, আনোয়ার হোসাইন, মোহাম্মদ ফোরকান, মোজাহের আহমদ, জাহাঙ্গীর আলম, মোজাম্মেল হক, মো. জাহেদ, নাসির উদ্দিন, জসিম উদ্দিন,  জমির উদ্দিন প্রমুখ। ক্ষতিগ্রস্তরা জানান, লুট করে নেওয়া সম্পদসহ অগ্নিকাণ্ডে তাদের অন্তত ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, মাতামুহুরী নদী তীরে জেগে ওঠা চরের জায়গার দখল নিতে এই তাণ্ডব চালিয়েছে পার্শ্ববর্তী ইউপির একদল গ্রামবাসী। যারা এই তাণ্ডব চালিয়েছে তাদের শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার সময় এক নারী আগুনে পুড়ে মারা যাওয়াসহ অসংখ্য নারী-পুরুষ আহত হওয়ার সত্যতা নিশ্চিত করে ওসি বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। যারাই এই অমানবিক ঘটনায় জড়িত তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

এদিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নে নারকীয় তাণ্ডবের খবর পেয়ে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের এমপি জাফর আলম, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ প্রমুখ। এ সময় এমপি জাফর আলম ক্ষতিগ্রস্তদের মধ্যে চাল ও বাড়ি নির্মাণের জন্য টিন সহায়তার আশ্বাস দেন।