চট্টগ্রামে ওএমএসের চাল উদ্ধার, গ্রেফতার দুই

আপডেট : ১৪ মে ২০২০, ২৩:২৬

চট্টগ্রামের মিরসরাই থেকে খোলা বাজারে বিক্রির (ওএমএস) দেড় টন চাল উদ্ধার করেছে র্যাব। গত বুধবার রাতে জেলার মিরসরাই উপজেলার ছোট কমলদহ ওয়াহেদপুর গ্রামের একটি বাড়ি থেকে চালের বস্তাগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। এরা হলেন মো. নুরুজ্জামান ও মো. আলাউদ্দিন। র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের আরো কয়েক জন সহযোগী পালিয়ে গেছে বলে র্যাব জানিয়েছে।

গতকাল বৃহস্পতিবার র্যাব-৭-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মিরসরাইয়ের ওহেদপুর গ্রামের নুরুদ্দীন নামে এক ব্যক্তির ঘরে মোট ২৯টি বস্তায় ১৫৮৩ কেজি চাল পাওয়া যায়। গ্রেফতার হওয়া ব্যক্তিরা র্যাবের জিজ্ঞাসাবাদে জানায়, তারা বিভিন্ন উত্স হতে অবৈধভাবে এসব চাল সংগ্রহ করে। চাল মজুত করার জন্য নুরুদ্দীন নামে এক ব্যক্তির ঘর ভাড়া নেয়। ধরা না পড়ার কৌশল হিসেবে তারা খাদ্য অধিদপ্তরের বস্তায় চাল না রেখে বাজার থেকে প্লাস্টিকের বস্তা কিনে চাল সংরক্ষণ করে।