করোনা সংশ্লিষ্ট বিরল ও বিপদজনক উপসর্গে আক্রান্ত বিশ্বের বেশ কিছু শিশু

আপডেট : ১৫ মে ২০২০, ০০:৩৫

ব্রিটেন ও আমেরিকায় বেশ কিছু শিশু বিরল এক প্রদাহজনিত রোগের শিকার হয়েছে যার সঙ্গে করোনা ভাইরাসের যোগাযোগ আছে। মুষ্টিমেয় কিছু শিশুর ক্ষেত্রে এটা নানা ধরনের জটিলতা সৃষ্টি করেছে এবং কাউকে কাউকে নিবিড় পরিচর্যায় রাখতে হয়েছে। ব্রিটেনে আক্রান্ত হয়েছে একশ’র মতো শিশু। জানা গেছে, ইউরোপের অন্যান্য দেশেও শিশুদের মধ্যে একই উপসর্গ দেখা গেছে। ভাইরাস আক্রমণের পর একটু দেরি করে শরীরের প্রতিরোধক ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠার কারণে সম্ভবত এই উপসর্গ দেখা গেছে। এটা খুবই বিরল একটি রোগ যার নাম কাওয়াসাকি ডিজিজ শক সিনড্রম। শরীরে আকস্মিক একটা আক্রমণের প্রতিক্রিয়ায় এই উপসর্গ।

শিশুদের মধ্যে একইধরনের উপসর্গ দেখো গেছে আমেরিকা, স্পেন, ইতালি, ফ্রান্স ও নেদারল্যান্ডসে। নিউ ইয়র্কের গর্ভনর অ্যান্ড্রিউ কুওমো বলছেন, আমেরিকার অন্তত ১৫টি রাজ্যে শিশুদের এই রোগ উপসর্গ দেখা গেছে। নিউ ইয়র্কে এই ধরনের প্রদাহজনিত উপসর্গ নিয়ে আসা ৮২ জন শিশুর কোভিড ১৯ পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ৫৩ জন হয় পজিটিভ না হয় তাদের শরীরে কোভিড ১৯এর অ্যান্টিবডি পাওয়া গেছে। এসব শিশুর সকলেরই খুব বেশি জ্বর, র‍্যাশ, লাল চোখ, শরীর ফুলে যাওয়া এবং ব্যথার উপসর্গ ছিল। -বিবিসি