করোনায় ব্র্যাক কর্মকর্তার মৃত্যু

আপডেট : ১৫ মে ২০২০, ০০:৩৬

ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির (এসডিপি) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব) আফতাব উদ্দীন আহমদ (৭২) গতকাল বৃহস্পতিবার দুপুরে মারা গেছেন। তিনি রাজধানীর সিএমএইচ হাসপাতালে ফুসফুসজনিত জটিলতা নিয়ে চিকিত্সাধীন অবস্থায় হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান (ইন্নালিল্লাহি...রাজিউন)। চিকিত্সকরা জানান, তিনি কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন।

আফতাব উদ্দীন আহমদ ২০১৯ সালের অক্টোবর মাসে ব্র্যাকে যোগদান করেন। এর আগে তিনি সেন্টার অব এক্সিলেন্স ফর বাংলাদেশ অ্যাপারেল ইন্ডাস্ট্রির (সিইবিএআই) প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। বাংলাদেশ মিলিটারি ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্সে (ইএমই) দীর্ঘ ২৭ বছরেরও বেশি সময়ের সফল কর্মজীবনে তিনি বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি ইউনিসেফ, আন্তর্জাতিক শ্রম সংস্থা, আইকেইএ, সেভ দ্যা চিলড্রেন ইন্টারন্যাশনাল, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, প্ল্যান ইন্টারন্যাশনাল, ওয়ার্ল্ড ব্যাংক, ইউরোপীয় কমিশন, সিটি ব্যাংক এনএসহ বেশকিছু প্রতিষ্ঠান এবং বাংলাদেশ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে কার্যকরভাবে প্রকল্প বাস্তবায়নের জন্য সরকারি-বেসরকারি অংশীদারিত্ব তৈরির ক্ষেত্রে তিনি কৌশলগত নেতৃত্ব প্রদান করেন।