একা দায়িত্ব নেবেন না, জাতীয় সমন্বয়ক কমিটি গঠন করুন

আপডেট : ১৫ মে ২০২০, ০০:৫৫

করোনা ভাইরাস সংক্রমণে পরিস্থিতি মোকাবিলায় এককভাবে সব দায়িত্ব না নিয়ে একটি জাতীয় সমন্বয়ক কমিটি গঠন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটি আয়োজিত ‘করোনা : শ্রমজীবীদের চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

খন্দকার মাহবুব বলেন, কথা একটিই—সরকারকে ব্যর্থতা স্বীকার করে অবিলম্বে বিভিন্ন সংগঠন, বিশেষজ্ঞদের নিয়ে এই সমন্বয় কমিটি গঠন করতে হবে। কমিটিকে দায়িত্ব দেওয়া হবে এই ভয়াবহ করোনা ভাইরাস সংকট থেকে আমরা কীভাবে বাঁচতে পারি এবং কীভাবে আমাদের শ্রমিকদের বাঁচাতে পারি। তিনি বলেন, শ্রমিকদের দুই-চার বেলা খাবার দিয়ে কিছু হবে না। তাদের জন্য একটা স্থায়ী ব্যবস্থা করতে হবে। গার্মেন্ট শ্রমিকদের রক্ষায় মালিকদের এগিয়ে আসতে হবে। ৪০ বছর গার্মেন্ট মালিকরা ব্যবসা করেছেন, কোথায় তাদের টাকা?

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, করোনা ভাইরাস মহামারি মোকাবিলায় বিল গেটস ৪৪ বিলিয়ন ডলার হেল্প করেছেন। চীনের জ্যাক মা ৪০ বিলিয়ন, ভারতের শাহরুখ খান, সালমান খান, আমির খান দিয়েছেন ২০০ কোটির ওপরে। আমাদের দেশের লাখ-কোটি টাকা বিদেশে পাচার হয়ে যায়, কিন্তু টাকা দিতে পারেনি কেউ।

সভাপতির বক্তব্যে সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শওকত মাহমুদ বলেন, খুব বেশি দূরে নয়, আমাদের শ্রমজীবীদের সবাইকে একদিন এক হয়ে দাঁড়াতে হবে আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য।  

আয়োজক সংগঠনের সভাপতি জাকির হোসেনের স্বাগত বক্তব্যে আলোচনা সভায় বিএসএমএমইউর সাবেক উপ-উপাচার্য অধ্যাপক এম এ মান্নান মিয়া, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের প্রধান অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, ডাকসু ভিপি নুরুল হক নূর প্রমুখ এতে বক্তব্য রাখেন।