রাজশাহী অঞ্চলে করোনা রোগীর সংখ্যা এখন ২৯৯ হয়েছে। ১৪ মে (বৃহস্পতিবার) বিভিন্ন জেলায় শনাক্ত হয়েছে ৩০ জন। শুক্রবার দুপুরে সকালে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ১২ এপ্রিল রাজশাহীর পুঠিয়ায়। এরপর ১৪ মে পর্যন্ত বিভাগের আট জেলায় ২৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৫০ জন। মারা গেছেন দুইজন। করোনা ভাইরাসের সঙ্গে লড়ছেন এখনও ২৪৭ জন।
তিনি জানান, রাজশাহী জেলায় শনাক্ত হয়েছে ১৯ জন। এরমধ্যে একজন মারা গেছেন। সুস্থ হয়েছেন ছয়জন। চাঁপাইনবাবগঞ্জে শনাক্ত হয়েছে ১৬ জন। তবে এখনও কেউ সুস্থ হননি, মারাও যাননি কেউ। নওগাঁয় শনাক্ত হয়েছে ৭৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১০ জন। নাটোরে শনাক্ত ব্যক্তির সংখ্যা ১৩ জন। এ জেলায় এখনও কেউ সুস্থ হননি। মারা গেছেন একজন। জয়পুরহাটে শনাক্তের সংখ্যা ৮৭ জন। এ জেলায় সুস্থ হয়েছেন ২৪ জন, এখনও কেউ মারা যাননি। হাসপাতালে আছেন ৮২ জন। বগুড়ায় শনাক্তের সংখ্যা ৫৯ জন। এর মধ্যে হাসপাতালে আছেন ১৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন। সিরাজগঞ্জে আক্রান্তের সংখ্যা ১৫ জন। পাবনায় শনাক্ত হয়েছেন ১৬ জন। এর মধ্যে একজন সুস্থ হয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, বিভাগে এখনও ১০৬ জন হাসপাতালে ভর্তি আছেন। বাকিরা বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন। এছাড়া অনেকেই করোনায় আক্রান্ত হলেও কোনো উপসর্গ নেই। তারা ভালো আছেন। যারা কিছুটা অসুস্থ তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল। তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
ইত্তেফাক/এসি
