মো:নুরুল হক
প্রভাষক,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ
সরকারি মোহাম্মদপুর মডেল কলেজ
করোনা সংকটের পরই শুরু হবে এইচএসসি পরীক্ষা। আশা করছি বাসায় থেকে তোমাদের পরীক্ষার সব প্রস্তুতি শেষ করে নিয়েছ। তাই আর যেটুকু সময় হাতে আছে,তাতে নতুন করে কিছু না পড়ে বরং পুরোনো পড়া বিষয়গুলো বারবার রিভিশন দাও।নতুন রুটিন পেয়ে তাই সুবিধামত ছক করে নিয়ে পঠিত বিষয়গুলোচর্চা করবে।
এখন ঘরে বসে মডেল টেস্ট দাও এবং নমুনা উত্তর লেখার চেষ্ঠা কর । এইচএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে লিখিত অংশে(সৃজনশীল)৫০(যেখানে ৮টি প্রশ্ন থেকে ৫টি প্রশ্নের উত্তর দিতে হয়) এবং বহুনির্বাচনি অংশে থাকে ২৫ নম্বর।আর বাকী ব্যবহারিক পরীক্ষার ২৫ নম্বর নিজ নিজ কলেজ সম্পন্ন করেছে। এখন সৃজনশীল প্রশ্নোত্তর ওবহুনির্বাচনি অংশ লেখার সময় যে সকল বিষয় মনে রাখবে তা সংক্ষিপ্ত আকারে তোমাদের জন্য তুলে ধরছি।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে মোট ৬টি অধ্যায় থেকে ৮টি সৃজনশীল প্রশ্ন থাকে । এর মধ্যে বিভিন্ন বোর্ডের প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায় যে, সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এবং প্রোগ্রামিং ভাষা অধ্যায় থেকে ২টি করে মোট ৪টি এবং বাকী অধ্যায়গুলো থেকে ৪টি অর্থ্যাত্ মোট ৮টি সৃজনশীল প্রশ্ন করা হয় তবে এর ব্যতিক্রমও হতে পারে ।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ভাল ফলাফলের জন্য অবশ্যই ৬টি অধ্যায়ের প্রতিই গুরুত্বদিতে হবে । তথ্য ও যোগাযোগ প্রযুক্তি:বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত অধ্যায় থেকে ভার্চুয়াল রিয়েলিটি, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিকস, ক্রায়োসার্জারি, বায়োমেট্রিক্স, বায়ো-ইনফরম্যাট্রিক্স,জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি অংশটুকু ভাল করে পড়বে।
কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং অধ্যায় থেকেডেটা ট্রান্সমিশন স্পিড ,ডেটা ট্রান্সমিশন মোড, মেথড,ফাইবার অপটিক ক্যাবল, কো-এক্সিয়াল ক্যাবল এবং টুইস্টেড পেয়ার ক্যাবল ,ওয়াই-ফাই ওয়াই-ম্যাক্স ,বিভিন্ন প্রকার নেটওয়ার্ক টপোলজি ,ক্লাউড কম্পিউটিংঅংশগুলোর প্রতি বিশেষ নজর দিতে হবে।
সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস থেকে উত্তর করার সময় খেয়াল রাখবে যেন অংকের বেস ঠিক থাকে যেহেতু এই অংশটুকু গাণিতিক তাই অনুশীলনের বিকল্প নেই। লজিক গেইটের চিত্র আকার সময় পেন্সিল ব্যবহার করবে।
ওয়েব ডিজাইন ও HTML অধ্যায় থেকে ওয়েব সাইটের কাঠামো, ওয়েব সাইট পাবলিশিং প্রক্রিয়া ,ওয়েব পেইজ ফরমেটিং, টেবিল তৈরি, হাইপারলিংক, চিত্র সংযোজন,অর্ডার ও আনঅর্ডার লিস্ট,সুপার স্ক্রিপ্ট ও সাবস্ক্রিপ্ট এই অংশটুকু পড়লেই খুব সহজেই একটি সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়া যায়।
প্রোগ্রামিং ভাষা অর্থাত্ ৫ম অধ্যায়ের প্রশ্ন উত্তর করার সময় যদি ফ্লোচার্ট থাকে তা অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে। তবে ফ্লোচার্ট এর ভিতরের লেখা কলম দিয়ে লিখবে। সি প্রোগ্রাম অংশটুকু বার বার লিখে চর্চা করবে।
ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অধ্যায় থেকেও খুব সহজেই একটি সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়া যায় যদি তুমিএই অধ্যায় থেকে বিভিন্ন প্রকার কী ফিল্ডগুলি ,DBMS এর প্রধান কাজ, ডেটাবেস এরডেটা টাইপ ,বিভিন্ন প্রকার রিলেশন,ইনডেক্মিং ও সর্টিংঅংশটুকু ভালভাবে পড়।
প্রশ্নে চিত্রের কথা উল্লেখ না থাকলেও প্রযোজ্য ক্ষেত্রে চিত্র দিতে পারলে প্রশ্নের উত্তরকে আরো সমৃদ্ধ করে। তবে চিত্র একে ক্যাপশনসহ চিত্রের বিভিন্ন অংশ চিহ্নিত করে দেওয়া ভালো।
পরীক্ষায় আরো রয়েছে ২৫ নম্বরের বহুনির্বাচনি অংশ। এই ২৫ নম্বর থেকে ২৫ নম্বর পাওয়া কঠিন কিছু নয়,যদি পরিকল্পনা করে অধ্যয়ন কর।সঠিক পরিকল্পনার মাধ্যমে বিশেষ কিছু পদ্ধতি অবলম্বন করলেই ,সহজে বেশি নম্বর পাওয়া সম্ভব।যেহেতু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে মোট ৬টি অধ্যায় সেহেতু প্রতিটি অধ্যায় থেকে ৩-৪ টি বহুনির্বাচনি প্রশ্ন থাকে ।
পাঠ্যবই পড়ার সময় পাঠের বিশেষ অংশ যেগুলো তুমি খুব বেশি প্রয়োজন মনে করবে তা থেকে বহুনির্বাচনি প্রশ্ন হওয়ার সম্ভবনা থাকে সে সকল বাক্য বা বাক্যাংশ রঙিন মার্কার কলম দিয়ে মার্ক করে রাখবে। যেন প্রয়োজনে অন্য সময় চোখ বুলালেই খুব সহজে পাঠটি তোমার অনুমেয় হয়।
বন্ধুদের সাথে পাঠ্য বইয়ের ছোট ছোট বিষয়গুলো নিয়ে আলোচনা করবে এবং সুযোগ পেলেই সংক্ষিপ্ত বিষয়গুলো নিয়ে ভাববে।
