বিজ্ঞান
হিমন এডওয়ার্ড গমেজ
সিনিয়র শিক্ষক
সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
প্রথম অধ্যায়
প্রশ্ন:সাজুদের স্কুলের মাঠে বড় একটি বটগাছ আছে। গাছটি কোন কোন ক্ষেত্রে সাজু ও অন্যান্য প্রাণীর উপর নির্ভরশীল?
উত্তর : উদ্ভিদ ও প্রাণী পরস্পর নির্ভরশীল। সাজুদের স্কুলের মাঠে থাকা বটগাছটি নানাভাবে সাজু ও অন্যান্য প্রাণীর উপর নির্ভরশীল। যেমন—
সাজু ও অন্যান্য প্রাণী শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে যে কার্বন ডাই-অক্সাইড ত্যাগ করে বটগাছটি তা ব্যবহার করে খাদ্য তৈরি করে।
পাখি, মৌমাছি ইত্যাদি বটগাছটির পরাগায়নে সাহায্য করে।
সাজু ও অন্যান্য প্রাণী, যেমন— পাখি গাছটির বীজের বিস্তরণে সাহায্য করে বলে গাছটির নতুন নতুন আবাস গড়ে ওঠে।
বিভিন্ন প্রাণীর মৃতদেহ প্রাকৃতিক সারে পরিণত হয়, এই সার পুষ্টি হিসেবে ব্যবহার করে বটগাছটি বেড়ে ওঠে।
প্রশ্ন.সৌরভদের বাড়ির শিউলী গাছে ফুল আর বীজে ভরে গেছে। কিসের ফলে এই বীজ সৃষ্টি হয়? এই বীজ মাটিতে ছড়িয়ে পড়লে কী ঘটবে?
উত্তর : পরাগায়নের ফলে গাছটিতে বীজ সৃষ্টি হয়েছে। বিভিন্ন প্রাণী যেমন— পাখি, মৌমাছি, ইত্যাদি পরাগায়নে সাহায্য করে। মাতৃউদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়লে বীজের বিস্তরণ ঘটবে। এই বিস্তার থেকে নতুন উদ্ভিদ জন্মাবে। ফলে নতুন নতুন উদ্ভিদের আবাস গড়ে উঠবে।
প্রশ্ন.কীভাবে পরিবেশে খাদ্য শৃঙ্খল তৈরি হয়?
উত্তর : বাস্তুসংস্থানে খাদ্য উত্পাদক সবুজ উদ্ভিদ ও খাদ্য গ্রহণকারী অন্যান্য প্রাণীর (খাদক) পারস্পরিক ক্রিয়ার ফলে খাদ্য শৃঙ্খল তৈরি হয়।
সকল প্রাণীই শক্তির জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে। পোকামাকড় উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে। আবার ব্যাঙ পোকামাকড়কে খাদ্য হিসেবে গ্রহণ করে। একইভাবে সাপ ব্যাঙ খায় এবং ঈগল সাপ খায়। এভাবেই শক্তি উদ্ভিদ থেকে প্রাণীতে প্রবাহিত হয়।
