হাঁচির গুণে

আপডেট : ১৫ মে ২০২০, ২১:০৩

এই সময়ের ছড়া 

ছড়া ও ছবি : অবিনাশ আচার্য

 

সেই পুরনো গল্প আবার শোনো—

লাভ না-হলে বলতে পারি লস হবে না কোনো

এক ছিল এক বুদ্ধি মিয়া বুদ্ধি ছিল বেশি

মাথা ছিল বুদ্ধিভরা শক্ত ছিল পেশি।

 

সেইবারে কী হলো জানো, রাত হয়নি ভোর

দুয়ার কেটে ঢুকল ঘরে চোর—

বুদ্ধি মিয়া জেগেই ছিল ভাবল মনে মনে

চোর সে বেটার সাহস কত? দেখবে ততক্ষণে—

‘সজাগ ঘরে হয় না চুরি’ সবাই যেমন জানে

এ কথাটাই বুদ্ধি মিয়া ‘শিরোধার্য’ মানে।

 

কাপড়-চোপড় বাসন-কোসন যা যা পেল খুঁজে

সাবধানে চোর ভরে নিল থলের ভেতর গুঁজে

চোরটা যখন বিনা-বাধায় হবে পগারপার

বুদ্ধি মিয়া একটুখানি করল না চিত্কার।

 

সুযোগ বুঝে বুদ্ধি মিয়া জোরসে দিল হাঁচি

চোরটা বলে ‘পালাই পালাই—প্রাণটা নিয়ে বাঁচি!’